প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্, নভম্বর ১৩, ২০২৬
সারাদিন ডেস্ক
নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই জনপ্রিয় লেখক।
জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে নানা আয়োজন করা হয়েছে। শুক্রবার সেখানে মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা এবং হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন রয়েছে। এতে তার স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্য, ভক্ত ও অনুরাগীরা অংশ নেবেন।
জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য নুহাশ পল্লীর প্রবেশদ্বারও উন্মুক্ত রাখা হবে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে নুহাশ পল্লীতে ছুটে আসেন তার অসংখ্য ভক্ত।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুর গ্রামে জন্ম নেওয়া হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন। কথার জাদুকর হিসেবে পরিচিত এই লেখক ছিলেন একাধারে গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার, নাট্যনির্দেশক, চলচ্চিত্র নির্মাতা ও প্রাবন্ধিক।
যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণা শেষে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন হুমায়ূন আহমেদ। পরে অধ্যাপনা ছেড়ে পুরোপুরি লেখালেখিতে মনোনিবেশ করেন।
তিন শতাধিক গ্রন্থের স্রষ্টা হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘নন্দিত নরকে’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’ ও ‘মাতাল হাওয়া’। তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে রয়েছে হিমু, রূপা, মিসির আলী ও শুভ্র।
উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হুমায়ূন আহমেদ। তার লেখা নাটকের মধ্যে ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’ ও ‘ঘেটুপুত্র কমলা’।
সাহিত্য ও চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। পরে তার নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে লিচুগাছের নিচে তাকে সমাহিত করা হয়। মৃত্যুর এক যুগের বেশি সময় পরও তার সাহিত্য, নাটক ও চলচ্চিত্র বাঙালি পাঠক-দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়।