Print

সারাদিন

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

প্রকাশিত: ৪:০৮ অপরাহন, নভম্বর ১৩, ২০২৬

সারাদিন ডেস্ক

নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্ব আজ শুক্রবার শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ আয়োজন চলবে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত। দেশের নয়টি শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। স্থানীয় আয়োজনগুলোর টাইটেল স্পনসর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ ও বরিশালে পৃথকভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট শহরের স্থানীয় নেতৃত্বের মাধ্যমে আয়োজনগুলো পরিচালিত হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৪ হাজার ৬৫৭ জন অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন। তাঁদের নিয়ে গঠিত হয়েছে ৬০০টির বেশি দল।
এবারের প্রতিপাদ্য ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার’।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো নাসা ও এর সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য-উপাত্ত ও বিভিন্ন উপকরণ ব্যবহার করে পৃথিবী ও মহাকাশসম্পর্কিত নানা সমস্যার সমাধান খুঁজবে।
মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে প্রকল্প তৈরি করবে দলগুলো।

দুই দিনের এ আয়োজনে অংশগ্রহণকারীরা গবেষণা, পরিকল্পনা ও প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি নিজেদের প্রকল্পের প্রোটোটাইপ তৈরি করবেন। এর মাধ্যমে দলগত কাজ ও বাস্তব সমস্যা সমাধানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তাঁরা।
স্থানীয় আয়োজন শেষে প্রতিটি শহরের বিচারকেরা জমা দেওয়া প্রকল্প মূল্যায়ন করবেন। স্থানীয় পর্যায়ে নির্বাচিত ও যোগ্য প্রকল্পগুলো পরবর্তী সময়ে বৈশ্বিক বিচারপর্বের জন্য বিবেচিত হবে। এ পর্যায়ে নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের প্রকল্প মূল্যায়ন করে বৈশ্বিক বিজয়ী নির্বাচন করবেন।

চারবার বৈশ্বিক বিজয়ী বাংলাদেশ

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশের দলগুলো এর আগে চারবার বৈশ্বিক বিজয়ীর স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা তিন বছর বাংলাদেশের দল এ স্বীকৃতি অর্জন করে।

Nagad
Nagad

২০১৮ সালে সিলেটের স্থানীয় আয়োজন থেকে অংশ নেওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলিক’ তাদের ‘লুনার ভিআর’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইউজ অব ডেটা’ বিভাগে বৈশ্বিক বিজয়ী হয়।

২০২১ সালে খুলনার ‘টিম মহাকাশ’ তাদের ‘অ্যাডভান্সড রেগোলিথ স্যাম্পলার সিস্টেম’ প্রকল্পের জন্য ‘বেস্ট মিশন কনসেপ্ট’ বিভাগে বৈশ্বিক বিজয়ীর স্বীকৃতি পায়।

২০২২ সালে কুমিল্লার ‘টিম ডায়মন্ডস’ শিশুদের তারা চেনানোর ইন্টারঅ্যাকটিভ গেম ‘ডায়মন্ড ইন দ্য স্কাই’-এর জন্য ‘মোস্ট ইনস্পায়ারিং’ বিভাগে বৈশ্বিক বিজয়ী হয়।

পরের বছর ২০২৩ সালে রাজশাহীর ‘টিম ভয়েজার্স’ পানিচক্র নিয়ে তৈরি একটি ইন্টারঅ্যাকটিভ ওয়েব গেমের জন্য ‘বেস্ট স্টোরিটেলিং’ বিভাগে বৈশ্বিক বিজয়ী হয়।

এ ছাড়া ২০২৪ সালে ময়মনসিংহের ‘টিম ইকোরেঞ্জার্স’ বিশ্বের ৪০টি বৈশ্বিক চূড়ান্ত দলের মধ্যে স্থান করে নেয়। দেশের বিভিন্ন শহরে একযোগে শুরু হওয়া এবারের আয়োজনেও তরুণ প্রযুক্তিপ্রেমী ও উদ্ভাবকদের অংশগ্রহণে নতুন সম্ভাবনাময় প্রকল্প উঠে আসবে বলে আশা করছেন আয়োজকেরা।