Print

সারাদিন

পোশাকশিল্প মালিকরা সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন: বিজিএমইএ সভাপতি

প্রকাশিত: ৯:০২ অপরাহন, নভম্বর ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, এমন পরিস্থিতিতে সাধারণ শ্রমিকরা কাজ করতে পারছেন না। তবে অস্থিরতার মধ্যেও আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডে নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন মালিকরা।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে কারখানা মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সংবাদ ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি জানান, একটি মহল কারখানার ভেতরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে সাধারণ শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। এতে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি সংকটে পড়ছে।

বিজিএমইএর দেওয়া তথ্য অনুযায়ী, চলমান আন্দোলনের জেরে শনিবার ৫৫টি কারখানা বন্ধ ছিল। এ ছাড়া মালিকরা চেষ্টা করেও আরও ৯২টি কারখানায় উৎপাদন শুরু করতে পারেননি।

এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও মালিকপক্ষ মজুরি বোর্ডে নতুন বেতন কাঠামোর প্রস্তাব জমা দেবে বলে জানান মাহমুদ হাসান খান বাবু। একই সঙ্গে কারখানাগুলো সচল রাখতে এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা চান শিল্পমালিকরা।

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে তৈরি পোশাক শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক বিক্ষোভ ও আন্দোলন চলছে। সরকার মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলেও অনেক মালিক এখনও কারখানা পুরোপুরি সচল করতে পারেননি। উদ্ভূত পরিস্থিতিতে কিছু কারখানা বন্ধ রয়েছে এবং কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় উৎপাদন কার্যক্রম চলছে।

Nagad
Nagad

মজুরি বোর্ডের তৃতীয় সভার দুদিন আগে আজ জরুরি বৈঠকে বসেন শিল্পমালিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, চলমান শ্রমিক অসন্তোষের কারণে যারা কারখানা চালাতে পারছেন না, তারা শ্রম আইন অনুযায়ী রোববার (১৫ নভেম্বর) থেকে কারখানা বন্ধ রাখবেন।