প্রকাশিত: ৯:১৫ অপরাহন, নভম্বর ১৪, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ এসব নাগরিকের অভিজ্ঞতা কাজে লাগাতে অঞ্চলভিত্তিক ২০টি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজধানীর অঞ্চলভেদে গঠিত ২০টি কমিটিতে বিভিন্ন দফতরের প্রতিনিধিদেরও রাখা হয়েছে।
১২০ শিক্ষা প্রতিষ্ঠান, ১১২ হাসপাতাল পরিদর্শন
মীর শাহে আলম জানান, কমিটি গঠনের পর থেকে কার্যক্রমে বেশ কিছু অগ্রগতি হয়েছে। এরই মধ্যে কমিটির সদস্যরা ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান ও স্থাপনায় পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।
সরকারি কোয়ার্টারে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করা হলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারি আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকাকে বাসযোগ্য শহর করতে চায় সরকার
প্রতিমন্ত্রী বলেন, ‘অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাবো। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।’ সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উইং করার পরিকল্পনা রয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার এ ধরনের ব্যবস্থা রয়েছে। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনেও নতুন করে এ বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ওয়াহাদু চৌধুরী এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।