প্রকাশিত: ১০:৩৫ অপরাহন, নভম্বর ১৪, ২০২৬
সারাদিন ডেস্ক
আর মাত্র পাঁচ মিনিট। ম্যাচ তখনও গোলশূন্য। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। ঠিক তখনই আব্দুল সামাদের দুর্দান্ত শটে ভেঙে গেল বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। ৮৫ মিনিটে করা ওই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই সতর্ক ফুটবল খেলেছে দুই দল। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে একাধিক সুযোগ তৈরি করেও তা গোলে পরিণত করতে পারেনি স্বাগতিকরা। পাকিস্তানও কয়েকটি সুযোগ পেয়েছিল। দুই দলের গোলরক্ষকদের দৃঢ়তায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
প্রথমার্ধে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন রাকিব হোসেন। শমিত সোমের হেড থেকে বল পেয়ে জোরালো শট নেন তিনি। পাকিস্তানের গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় বল ঠেকিয়ে দিলেও ফিরতি বল পেয়েছিলেন রাকিব। কিন্তু সেই বলও জালে পাঠাতে পারেননি তিনি; পোস্টে লেগে ফিরে আসে সেটি। পাকিস্তানের আব্দুস সামাদের একটি শটও পোস্টে লেগে ফিরে এসেছিল।
বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। বাংলাদেশ বলের দখল ধরে রাখলেও পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ৫৬ মিনিটে বাংলাদেশের বল দখলে ছিল ৬৯ শতাংশ, পাকিস্তানের ৩১ শতাংশ। কিন্তু এই আধিপত্য থেকে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন হামজা চৌধুরীরা।
ম্যাচের সময় গড়ানোর সঙ্গে দুই দলই আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে। ৭৬ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক পায় পাকিস্তান। আদিল নবীর নেওয়া শটটি দেয়াল পেরিয়ে লক্ষ্যে থাকলেও তা ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই বাংলাদেশের জন্য আসে সবচেয়ে বড় ধাক্কা। ৮৫ মিনিটে আব্দুল সামাদের নিচু কোণের শক্তিশালী শট আটকাতে পারেননি শ্রাবণ। বল জালে জড়িয়ে যায়। এগিয়ে যায় পাকিস্তান ১-০ ব্যবধানে।
শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের রক্ষণ ভেদ করে আর গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। ফলে এক গোলের জয় নিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল পাকিস্তান।
এদিকে এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
আর ২১ বছর পর সাফের ফাইনালে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো বাংলাদেশের। স্বাগতিকদের এবার দর্শক হয়েই দেখতে হবে ভারত-পাকিস্তানের শিরোপার লড়াই।