প্রকাশিত: ৫:০৯ অপরাহন, নভম্বর ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এ মিছিল ও বিক্ষোভ চলে। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। পরে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা হয়ে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন।
মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম দেখা যায়। কারও কারও মাথায় হেলমেটও ছিল। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীকেও দেখা যায়।
মিছিলকারীরা গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালান। পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়।

এ সময় শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচও ভাঙচুর করা হয়। মিছিল চলাকালে লঞ্চঘাট এলাকায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক।
মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে কার্যালয়টির তালা খুলে দেন নেতাকর্মীরা।
একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ লেখা হয়।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি এপিসির ওপর উঠে স্লোগান দেন। পরে এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়।
কর্মসূচি ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরাও দায়িত্ব পালন করেন। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।
মিছিল ও বিক্ষোভের কারণে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। রিকশা ও ভ্যান চলাচলও ব্যাহত হয়। দুপুর দেড়টার দিকে মিছিলকারীরা বিভিন্ন এলাকা থেকে সরে যেতে শুরু করেন। বেলা ২টার পর শহরের বিভিন্ন স্থানে তাদের উপস্থিতি কমে আসে। পরে কিছু দোকানপাট খুলতে শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বানের অংশ হিসেবে এ প্রকাশ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে বলে জানা গেছে।