Print

সারাদিন

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত মেহেদি গণপিটুনিতে নিহত

প্রকাশিত: ১:৪৫ অপরাহন, নভম্বর ১৬, ২০২৬

সারাদিন ডেস্ক

ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদি হাসান (৩০) গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও ধারালো অস্ত্রের হামলায় সুরুজ জামান (৩৫) নিহত হন। এ সময় তার চার বছর বয়সী মেয়েও সঙ্গে ছিল।

নিহত সুরুজ জামান মধ্য বাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

সুরুজ জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোমান কাউসার অভিযোগ করেন, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদি হাসানসহ অন্যরা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার দিবাগত রাতে ক্ষুব্ধ এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

পুলিশ জানায়, এ সময় অভিযুক্ত মেহেদি হাসানের বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

Nagad
Nagad

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুল করিম জানান, স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।