প্রকাশিত: ২:৩৮ অপরাহন, নভম্বর ১৬, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশের ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে জানিয়ে সানাউল্লাহ বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এই ধাপে সমন্বয় করা যাবে। কোন ইউনিয়নে কবে ভোট হবে এবং ধাপভিত্তিক বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধনের ক্রমানুসারে তিন দিনে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।
সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন। ইউপি নির্বাচন শুরুর আগে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হবে।
প্রথম ধাপের নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, ২১ জানুয়ারিকে ধরে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, তা জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।
স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, কমিশন মনে করে না এতে কোনো প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করবে।
তফসিল ঘোষণার সময় যে আইন থাকবে, সে অনুযায়ী নির্বাচন
নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সানাউল্লাহ।
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কমিশনে আসেনি বলেও জানান তিনি। জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছিল। প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে কমিশন। কোনো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা
কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর সমস্যাও আলোচনায় আসে। গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে বলে জানান সানাউল্লাহ। তবে এর কারণে এনআইডির কোনো সেবা বন্ধ নেই বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এনআইডি কার্ড ও স্মার্ট কার্ড ছাপানো বন্ধ নেই। স্মার্ট কার্ডের সফটওয়্যারে গত চার-পাঁচ দিন ধরে একটি সমস্যা দেখা দিয়েছে। সেটির কারণ নিরূপণ ও সমাধানের কাজ চলছে। কোনো ব্যক্তির এনআইডি অনুমোদিত হলে তিনি ওয়েবসাইটে গিয়ে সেটি প্রিন্ট করে লেমিনেট করে ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।
এনআইডি সেবার চুক্তি নবায়ন না হওয়া এবং অতীতের একটি অডিট আপত্তি নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে। সানাউল্লাহ বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তা নবায়ন করা হয়নি। এর মধ্যে একটি অডিট আপত্তিও অনিষ্পন্ন রয়েছে। এ অবস্থায় কীভাবে কাজ চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে কমিশন কাজ করছে।
তিনি জানান, ভবিষ্যতে এনআইডি-সংক্রান্ত সব কাজ চুক্তির আওতায় করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জাতীয় পরিচয়পত্র সেবা একটি জাতীয় সেবা হওয়ায় তা বন্ধ রাখা যাবে না।
গাজীপুর থেকে শুরু হবে ইভিএম নিষ্পত্তির কাজ
আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএম কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির অগ্রগতিও কমিশন সভায় পর্যালোচনা করা হয়েছে।
সানাউল্লাহ বলেন, ইভিএম নিষ্পত্তির বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে কমিশন ধারণা নিয়েছে। গাজীপুর থেকে এ কাজ শুরু হবে। সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে।
প্রথমে মাঠপর্যায়ের বিভিন্ন স্তরে ইভিএমের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।
ইভিএম নিষ্পত্তির ক্ষেত্রে পরিবেশগত উদ্বেগ ও আর্থিক ক্ষতির বিষয়টি এখনো কমিশনের আলোচনায় আসেনি বলে জানান তিনি। এসব বিষয়ে আগে কমিটির সুপারিশ পাওয়া প্রয়োজন।
ইভিএম নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন ও দুর্নীতি দমন কমিশনেও আলোচনা বা তদন্ত রয়েছে। এসব প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার পর ইভিএমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইভিএম নিষ্পত্তির একাধিক পদ্ধতি থাকতে পারে জানিয়ে সানাউল্লাহ বলেন, কমিটির সুপারিশ পাওয়ার পর কোন পদ্ধতি গ্রহণ করা হবে, তা ঠিক করা হবে।
ইভিএম-সংক্রান্ত প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকা পাওনা
ইভিএম-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকা পাওনা নিয়েও কমিশন সভায় প্রশ্ন ওঠে। জবাবে সানাউল্লাহ বলেন, আগের কমিশন একটি নির্দিষ্ট ভিত্তিতে ওই অর্থ পরিশোধ বন্ধ রেখেছিল। সেই সিদ্ধান্তের কারণ ও বিষয়টির পূর্ণাঙ্গ অবস্থা না জেনে বর্তমান কমিশন তা পরিবর্তন করতে চায় না।
তিনি বলেন, পূর্ববর্তী কমিশন যে ভিত্তিতে অর্থ পরিশোধ বন্ধ রেখেছিল, সে বিষয়ে পূর্ণাঙ্গভাবে অবগত হওয়া এবং বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান কমিশন আগের সিদ্ধান্ত সামারিকভাবে পরিবর্তন করবে না।
এনআইডি সেবা নিয়ে পরশু কর্মশালা
জাতীয় পরিচয়পত্র সেবার সব দিক নিয়ে আগামী পরশু একটি কর্মশালা আয়োজন করবে নির্বাচন কমিশন। সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার পাশাপাশি সেবাগ্রহীতা এবং কমিশনের ভেতরে-বাইরের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে কর্মশালায় আলোচনা হবে।
সানাউল্লাহ বলেন, কর্মশালায় সাংবাদিকদের প্রতিনিধিরাও অংশ নেবেন। নির্বাচন কমিশনের ১২ জন আরএফইডি সদস্যের মধ্যে ১০ জনের অংশ নেওয়ার কথা রয়েছে।