প্রকাশিত: ৬:৫৮ অপরাহন, নভম্বর ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা, গবেষণা, সমাজসেবা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে সহযোগিতা জোরদারে ইন্দোনেশিয়ার স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টেলকম ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা এবং টেলকম ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. সুয়ান্তো, এস.টি., এম.এসসি.। এ সময় উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানো, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, সমাজসেবা ও সমাজকল্যাণমূলক উদ্যোগে অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ততার সুযোগ আরও সম্প্রসারিত হবে। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্রও উন্মোচনের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এআইইউবি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণ ও অর্থবহ প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব প্রতিষ্ঠার চলমান উদ্যোগের ধারাবাহিকতায় টেলকম ইউনিভার্সিটির সঙ্গে এ সমঝোতা স্মারক স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।