প্রকাশিত: ৮:০১ অপরাহন, নভম্বর ১৬, ২০২৬
সারাদিন ডেস্ক
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গ্যাংস্টার গোল্ডি ধিলোর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অমিতাভকে লক্ষ্য করে কথিত হামলার পরিকল্পনা থেকে সরে না আসার হুমকি দিয়েছেন তিনি। এমনকি এ ঘটনায় দুই সন্দেহভাজন শুটার গ্রেপ্তার হলেও হামলার পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন ধিলো।
সম্প্রতি দিল্লি পুলিশের বিশেষ শাখা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন দুই শুটারকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের ধারণা, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে তাঁদের সংশ্লিষ্টতা থাকতে পারে। এর কয়েক দিনের মধ্যেই গোল্ডি ধিলোর নামে হুমকির ওই পোস্ট সামনে আসে।
পোস্টে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে ধিলো দাবি করেন, ওই সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের কখনো ক্ষমা করা হবে না। শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে যারা বক্তব্য দেবেন, তাঁরা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, তাঁদের জবাবদিহির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ওই পোস্টে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করা হয়েছে।
পোস্টে আরও দাবি করা হয়, নিরাপত্তাব্যবস্থা জোরদার করেও অমিতাভ ও অভিষেককে রক্ষা করা যাবে না। এমনকি বুলেটপ্রুফ ঘেরাটোপ তৈরি করলেও গুলি চালানো হবে বলে হুমকি দেওয়া হয়। মুম্বাইয়ে তাঁর প্রায় ২০০ সহযোগী সক্রিয় রয়েছে বলেও দাবি করেন ধিলো। গ্রেপ্তার হওয়া বিকাশ ঠাকুর ও দীপক সিংয়ের কারণে কথিত হামলার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না বলেও জানান তিনি।
শনিবার জলন্ধর থেকে বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং তরন তারন থেকে দীপক সিং ওরফে দীপককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ শাখা। পুলিশের দাবি, তাঁদের বিরুদ্ধে দুটি পৃথক, তবে পরস্পর-সংশ্লিষ্ট হতে পারে—এমন হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর একটি ছিল দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এবং অন্যটি অমিতাভ বচ্চনকে ঘিরে।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, দিল্লির ওই ব্যবসায়ীকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিকাশকে। এ জন্য তিনি মুম্বাই থেকে দিল্লি গিয়েছিলেন। পরে তাঁর সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল দীপকের।
এদিকে গত এক মাসে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র নাম উল্লেখ করে তিনটি বোমা হামলার হুমকিসংবলিত ই-মেইল পাঠানো হয়েছিল। এরপর বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয়। গত ১ নভেম্বর ভক্তদের সঙ্গে নিয়মিত দেখা করার সময়ও তাঁর নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। সূত্র: আউটলুক ইন্ডিয়া