Print

সারাদিন

মাদক মামলায় পরী মণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ ডিসেম্বর

প্রকাশিত: ২:৫৮ অপরাহন, নভম্বর ১৭, ২০২৬

সারাদিন ডেস্ক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য সকাল সাড়ে ১০টার দিকে পরী মণি আদালতে উপস্থিত হন। পরে আদালতে এসে জানতে পারি মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বদলী করা হয়েছে। বদলির তথ্য পেয়ে ঢাকার সিএমএম আদালতে পরী মণিকে হাজিরা করানো হয়। এরপর বিচারক অভিযোগ গঠন বিষয়ের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।

নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরী মণির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করেন৷ তদন্ত শেষে ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়ে, পরী মণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরী মণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ওই লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। পরী মণি এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরী মণির তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

গত ২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। সেই আদেশ বাতিল চেয়ে পরী মণি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরী মণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে এ মামলায় পুনরায় অভিযোগ গঠন বিষয় শুনানির জন্য নির্দেশ দেন উচ্চ আদালত।

Nagad
Nagad