প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্, নভম্বর ১৮, ২০২৬
সারাদিন ডেস্ক
দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন মেঘনা আলমকে ওই তলবি চিঠি দেন।
দুদক সূত্র জানায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থেই মেঘনা আলমকে বুধবার দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।
এ ছাড়া তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘনা আলম। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন।
এরপর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি আলোচিত এই মডেল ও রাজনীতিবিদ