প্রকাশিত: ১:৩১ অপরাহন, নভম্বর ১৮, ২০২৬
সারাদিন ডেস্ক
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় মালেকের বাড়ি এলাকায় গাজীপুর মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে শ্রমিক আন্দোলনের মুখে বুধবার ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে বিভিন্ন কারণে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা, বাসন সড়ক ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাজীপুর মহানগরের গাছা ও বাসন সড়ক এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে সকাল ১০টার দিকে মালেকের বাড়ি এলাকায় আবারও আন্দোলনে নামেন শ্রমিকরা। একই সময়ে ছয়দানা, বাসন সড়ক ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
একপর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে মালেকের বাড়ি এলাকায় গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মহিউদ্দিন আহমেদের ব্যবহৃত একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পুলিশের জলকামান থেকেও পানি ছিটানো হয়। পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এরপর সকাল ১১টার দিকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেন। এ সময় দফায় দফায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
আন্দোলনের মুখে বুধবার ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া গতকাল পর্যন্ত বিভিন্ন কারণে গাজীপুর শিল্পাঞ্চলে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, মালেকের বাড়ি এলাকায় উপকমিশনার মহিউদ্দিন আহমেদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মঙ্গলবার রাতে অনেক কারখানা কর্তৃপক্ষ মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে শ্রমিকদের কারখানা বন্ধের নোটিশ জানিয়ে দেয়। পাশাপাশি কারখানার ফটকেও বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে গাছা ও কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মালেকের বাড়ি, ভোগড়া বাইপাসসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল পর্যন্ত গাজীপুরে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বুধবার আরও ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।