প্রকাশিত: ৭:২৭ অপরাহন, নভম্বর ১৮, ২০২৬
সারাদিন ডেস্ক
ইতিহাসে প্রথমবার একসঙ্গে দেখা গেল বিশ্বের তিন প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট—যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও চীনের শি জিনপিংকে। বুধবার রাতে চীনের শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে তিন নেতাকে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। বৃহস্পতিবার এই তিন নেতার মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার ক্রেমলিন পুলের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জমকালো নৈশভোজের আগে লালগালিচায় একসঙ্গে দাঁড়িয়ে আছেন তিন নেতা। পারিবারিক ছবি তোলার আগে পুতিন এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁদের পাশে ছিলেন শি জিনপিং ও তাঁর স্ত্রী।
ভিডিওতে দেখা যায়, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি জিনপিং ও তাঁর স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। পুতিন ও ট্রাম্পকে প্রথমে করমর্দন এবং পরে একে অপরের কাঁধে হাত রাখতে দেখা যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প ও পুতিনের আর সাক্ষাৎ হয়নি। দীর্ঘ বিরতির পর এবার তাঁদের উষ্ণভাবে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল।
এর আগে শেনজেনের রানওয়েতে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান শি জিনপিং। কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের এভাবে স্বাগত জানানোর ঘটনা খুবই বিরল।
বৃহস্পতিবার তিন নেতার মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। এর আগে শি জিনপিং পুতিনকে চীনে স্বাগত জানিয়ে তাঁকে ‘পুরোনো বন্ধু’ বলে অভিহিত করেন।
উৎপাদন ও উন্নত প্রযুক্তির দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। চীনে যাওয়ার আগে ট্রাম্প ফিলিপাইন সফর করেন এবং সেখানে আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নেন। ওই সম্মেলনে ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাতে শেনজেনে পৌঁছান পুতিন। তাঁকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার পঞ্চম পদস্থ সদস্য এবং শি জিনপিংয়ের চিফ অব স্টাফ কাই চি।
পুতিনের এবারের সফর ঘিরে গোটা বিশ্বের নজর এখন শেনজেনের দিকে। কারণ এটি শুধু এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা অ্যাপেক সম্মেলনে অংশ নেওয়ার সফর নয়। এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক বৈঠক।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা অ্যাপেকের পার্শ্ব অধিবেশনে বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে হোয়াইট হাউস ও ক্রেমলিনের পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে জানানো হয়েছিল। তিন প্রভাবশালী নেতার এটিই হবে প্রথম বৈঠক। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার জন্য পুতিন এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন।
অন্যদিকে ট্রাম্পও গত অক্টোবরে বলেছিলেন, তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনাকে স্বাগত জানান।
কালকের বৈঠকে কী নিয়ে আলোচনা হবে
বিবিসি বলছে, বিশ্বের তিন পরাশক্তির নেতাদের এই ঐতিহাসিক বৈঠক নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি চীন। এই নীরবতাই বৈঠকটি ঘিরে রহস্য ও জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
তিন দেশের নেতাদের বৈঠক ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইউরোপে এ বৈঠককে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই সম্মেলনে পরাশক্তিগুলো ছোট দেশগুলোর ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তবে বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে তিন পক্ষের অবস্থানে এখনো স্পষ্ট পার্থক্য রয়েছে। রাশিয়া চায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হোক। ট্রাম্প চান পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে। আর চীন ইউক্রেন যুদ্ধে নিজেকে আরও গভীরভাবে জড়াতে চায় না।
বিশ্লেষকদের মতে, পুতিনের জন্য এ বৈঠক বড় ধরনের কূটনৈতিক সাফল্য। এর মাধ্যমে তিনি দেখাতে পারবেন, মস্কোকে আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন করা যায়নি।
অন্যদিকে ট্রাম্পের জন্য এটি ‘প্রথম’ হওয়ার গৌরব। তিনি দাবি করতে পারবেন, তাঁর নেতৃত্বেই বিশ্বের তিন পরাশক্তিকে এক টেবিলে আনা সম্ভব হয়েছে।
শি জিনপিংয়ের জন্য এই বৈঠক একই সঙ্গে সুযোগ ও ঝুঁকি। একদিকে এটি তাঁকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরবে। অন্যদিকে ইউরোপের অস্বস্তি চীনের বাণিজ্যিক স্বার্থের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
শেনজেনে পুতিনের লালগালিচা অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে একটি ঐতিহাসিক সপ্তাহ। তবে বৃহস্পতিবারের বৈঠকে শেষ পর্যন্ত কী আলোচনা হয়, কোনো চুক্তি হয় কি না, নাকি পুরো বিষয়টি কেবল প্রতীকী ছবি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে—তার ওপরই নির্ভর করছে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ।