Print

সারাদিন

টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, এমপি জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ৭:৫৯ অপরাহন, নভম্বর ১৮, ২০২৬

সারাদিন ডেস্ক

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণ পাড়ার বাড়িসহ তাঁর আত্মীয়-স্বজনের অন্তত ১৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এসব বাড়িতে আগুন দেওয়ার আগে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে থানার কার্যক্রম বন্ধ রয়েছে। হামলার সময়ই কর্তব্যরত পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের নয়টি সরকারি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে।

বুধবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে তখনো ধোঁয়া উঠছে। মধুমতি নদীর তীরে আড়াইতলা পাকা বাড়িটির সবকিছু ভাঙচুর করা হয়েছে। বাড়ির কোনো জিনিসই অক্ষত নেই। পাশেই থাকা তাঁর পৈতৃক টিনের ঘরও ভাঙচুরের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ আরও ১৪ আত্মীয়-স্বজনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব বাড়ির বেশিরভাগই টিনের তৈরি।

সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী বলেন, বাড়িতে তাঁর তিন বোন ও তাঁদের ছেলেমেয়েরা ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কয়েকশ লোক লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে ছুটে আসে। তখন প্রাণভয়ে তাঁরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন এবং ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকান্দার শেখ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যেতে পারেননি। কারণ, স্টেশনের সামনেই একদল লোক বিক্ষোভ করছিল। পরে রাত ৯টা ৫৫ মিনিটে তাঁরা সংসদ সদস্যের বাড়িতে পৌঁছান।

Nagad
Nagad

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে বিক্ষোভকারীদের বাধার কারণে টুঙ্গিপাড়া থানায় দেওয়া আগুন নেভাতে তাঁরা যেতে পারেননি।

থানায় নেই পুলিশ

বুধবার দুপুর ২টার দিকে টুঙ্গিপাড়া থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। পাশের পুলিশ অফিসার্স মেস থেকে জিনিসপত্র নিয়ে ভ্যানে করে চলে যাচ্ছিলেন সেখানে থাকা পুলিশ সদস্যরা। ভ্যানে থাকা জিনিসপত্রের মধ্যে সরকারি আগ্নেয়াস্ত্র ও পুলিশের হেলমেটও দেখা যায়। পুলিশ সদস্যরা সবাই ছিলেন সাদা পোশাকে।

একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন। তবে কোথায় যেতে হবে বা তাঁদের গন্তব্য কোথায়, তা জানাননি তাঁরা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর প্রতিবাদে থানাটি ঘেরাও করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাঁরা থানায় ভাঙচুর চালান। একপর্যায়ে থানায় আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নেন তাঁরা। এরপর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

আগুনে দুই তলা থানা ভবনের সব কক্ষ এবং ভেতরে থাকা সব জিনিসপত্র পুড়ে যায়। পুলিশ সদস্যদের অভিযোগ, থানা থেকে সরকারি অস্ত্র, কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়েছে। এদিকে গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি। সূত্র: সমকাল