Print

সারাদিন

পিরোজপুরে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর, আগুন

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্, নভম্বর ১৯, ২০২৬

সারাদিন ডেস্ক

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময়ে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িসংলগ্ন ব্যক্তিগত কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

পিরোজপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা

পিরোজপুরের নাজিরপুরে শ ম রেজাউল করিমের তারাবুনিয়ার পৈতৃক বাড়িতে ৫০-৬০ জন হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে উপজেলা সদরে তাঁর আরেকটি দ্বিতল বাসভবনেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চব্বিশের ৫ আগস্টের পর থেকেই বাড়িটি তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল।

Nagad
Nagad

নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রীর তারাবুনিয়ার গ্রামের বাড়ি ও উপজেলা সদরের বাসভবনে হামলার খবর তাঁরা পেয়েছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে।

সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। পরে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। বুধবার বিকেল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, রাত ৯টা পর্যন্ত অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে।

কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে ভাঙচুর

রাজধানীর কাফরুলে কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

কাফরুল থানা পুলিশ জানায়, ২০-২৫ জন ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে গিয়ে ভাঙচুর করে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি সোফায় আগুন দেওয়া হয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কাজী মেজবাউল হক সাচ্চু আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

কুমিল্লায় সাবেক এমপির ব্যক্তিগত কার্যালয়ে আগুন

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িসংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কার্যালয়ে কেউ ছিলেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে গিয়ে কার্যালয়ের গেটের ভেতরে পেট্রল ঢেলে আগুন দেয়। পরে কার্যালয়ের সামনেও কাগজ ও কাঠে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

একই রাতে নগরীর কান্দিরপাড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ উদ্দিন বলেন, গোপালগঞ্জ থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তাঁরা নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন। তবে বাহাউদ্দিনের বাড়ি ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতারা সরাসরি কোনো মন্তব্য করেননি। তাঁদের দাবি, বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

চৌদ্দগ্রামে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার তিনটি স্থানে গাছ কেটে সড়কে ফেলে অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা মাদ্রাসা রোড, আলকরার লাটিমী এবং কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়।

খুলনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নাম মুছে দেওয়া

খুলনায় ঢাকা-খুলনা রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ শব্দটি মুছে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার নগরীর সোনাডাঙ্গা ও রয়েল চত্বর কাউন্টারে গিয়ে তাঁরা সাইনবোর্ডে ব্যানার ঝুলিয়ে এবং কালি দিয়ে ‘টুঙ্গি’ লেখা অংশ মুছে দেন।

বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

চট্টগ্রামের পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে মহানগর যুবদল সমাবেশ করে। সিলেটে যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথক কর্মসূচি পালন করে। ঝিনাইদহ ও নাটোরেও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুরে বিএনপি ও যুবদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে। হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা এবং জিয়ানগরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়েও জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সূত্র: সমকাল