প্রকাশিত: ৩:৪৪ অপরাহন, নভম্বর ১৯, ২০২৬
সারাদিন ডেস্ক
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, ‘সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্ট ঘটনা। বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার।’ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময় প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপক্ষের এক আইনজীবী গণমাধ্যমে প্রধান বিচারপতির পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেয়া হয়েছে, তা লজ্জার।’ এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও মন্তব্য করেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসি দেওয়া হয়। সুষ্ঠু বিচারের মান এবং যথাযথ প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আইসিটির বারবার সমালোচনা করেছিল।
আইসিটি প্রাথমিকভাবে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তবে রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে, আপিল বিভাগ ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর একটি সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ রায়ে যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।
আপিল বিভাগের সংক্ষিপ্ত আদেশ, পুনর্বিবেচনা আবেদনের নিষ্পত্তি এবং তার মৃত্যুদণ্ড কার্যকরের পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ পরবর্তীকালে আইনি ও বিচারিক বিতর্কের বিষয় হয়ে ওঠে।
এদিকে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তারা। তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তবে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের সময় তার বয়স ১৩ বছর ছিল বলে আপিল শুনানিতে প্রশ্ন ওঠে। সেই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলেন বিচারপতিরা।