Print

সারাদিন

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৬:০২ অপরাহন, নভম্বর ১৯, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের রাজনৈতিক ও সমসাময়িক পরিস্থিতি বিবেচনায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মহান বিজয় দিবসসহ দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি

আগামী ২১ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল। বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামী ২৫ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

২৬ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।

Nagad
Nagad

২৬ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা-থানা সংগঠন আয়োজন করবে।

২ ডিসেম্বর পোশাক শিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা। ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা। ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র‌্যালী’ আয়োজন করা হবে।

১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া। ২০ ডিসেম্বর রোববার চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা। ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

২৬ থেকে ৩১ ডিসেম্বর, দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

উল্লিখিত কর্মসূচি সফল করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মিডিয়া ও সব শ্রেণি-পেশার মানুষসহ দেশবাসীর সহযোগিতা বিশেষভাবে কামনা করা হয়েছে।