প্রকাশিত: ৭:১৭ অপরাহন, নভম্বর ১৯, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৫ থেকে ৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।
অগ্নিসংযোগের পর হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি করে আশপাশের মানুষকে জড়ো করেন। এরপর পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
তবে পুলিশের বক্তব্যে ঘটনার ভিন্ন বর্ণনা পাওয়া গেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক বলেন, কয়েকজন দুষ্টু ছেলে বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেন। প্রাচীর টপকে তাদের বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে বাড়ির গেটে আগুন ধরিয়ে দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। ফলে আগুনে বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।