Print

সারাদিন

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্, নভম্বর ২১, ২০২৬

সারাদিন ডেস্ক

দীর্ঘ চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলার পর রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে।

সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এসব টাকা গণনার কাজ শুরু হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা টাকা গণনার কাজে অংশ নেন।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছে। দীর্ঘ সময়ের ব্যবধানের কারণে এবার অতিরিক্ত দুটি দানবাক্সও বসানো হয়েছিল।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর দানবাক্সগুলো খোলা হয়। তখন পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা।

Nagad
Nagad

পাগলা মসজিদ কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লি ও দর্শনার্থীরা মসজিদের দানবাক্সে অর্থ, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সামগ্রী দান করেন।