Print

সারাদিন

মধ্যপ্রাচ্যের আরেক দেশে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্, নভম্বর ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বা আইআরজিসি। স্থানীয় সময় শনিবার রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন ধরে গেছে। তবে ঠিক কোথায় এবং কোন স্থাপনায় হামলা হয়েছে, তা জানানো হয়নি।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কয়েকজন বাসিন্দা পূর্ব উপকূলের সিত্রা দ্বীপের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছেন। দ্বীপটিতে একাধিক বাণিজ্যিক অবকাঠামো রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে।

ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন ওড়ানোসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য ‘অবৈধ কর্মকাণ্ডের’ জবাবে এ হামলা চালানো হয়েছে।

বিপ্লবী গার্ডের দাবি অনুযায়ী, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। এর আগে গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।

Nagad
Nagad