প্রকাশিত: ১:৩০ অপরাহন, নভম্বর ২২, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, দেশের অর্থনীতি, ভবিষ্যৎ ও পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যেই সড়কে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং তৈরি পোশাক খাতের বিকাশে শতভাগ আন্তরিকভাবে কাজ করছে। চলতি অর্থবছরে শ্রমিক ও পোশাকশিল্পবান্ধব বাজেট দেওয়া হয়েছে। এরপরও যে ধরনের কর্মকাণ্ড চলছে, তাতে স্পষ্ট যে এর পেছনে থাকা মহল বাংলাদেশের অর্থনীতি ও পোশাক খাতকে ধ্বংস করতে চায়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তৈরি পোশাকশিল্পের মাধ্যমে অর্জিত নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে একটি মহল বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই খাত রক্ষার দায়িত্ব শুধু সরকার, শ্রমিক বা পোশাকশিল্পের মালিকদের একার নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। সড়কে চলমান বিশৃঙ্খলা ও অস্থিরতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশের তৈরি পোশাকশিল্পের শুরুর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গাজীপুরে তৈরি পোশাক এখন স্টকহোম, আমস্টারডাম, কোপেনহেগেন ও টরন্টোর বাজারে পৌঁছে যাচ্ছে। আশির দশকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে বিশ্বদরবারে গর্বিত হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী নীতিগত সহায়তায় তা এগিয়ে যায়। বিএনপি সরকার সবসময় এই শিল্পের প্রসার এবং শ্রমিকদের নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিত করতে সচেষ্ট ছিল বলেও উল্লেখ করেন তিনি।
দেশের রপ্তানি ও অভিবাসন খাতের তথ্য তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত আছেন। গত অর্থবছরে ইউরোপীয় ইউনিয়ন একাই বাংলাদেশ থেকে প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র আমদানি করেছে প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মিশন ও বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে।
এ ছাড়া গত অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা আরও তিন বছর বাড়ানোর অনুমোদনের বিষয়টি বাংলাদেশের প্রতি বিশ্বসম্প্রদায়ের আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। এ জন্য ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা ও আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নীতিমালা পথ দেখালেও গবেষণাই মূল ভিত্তি তৈরি করে। নির্ভরযোগ্য জাতীয় তথ্য-উপাত্ত আন্তর্জাতিক দরকষাকষি, বাণিজ্য সুবিধা, বাজারে প্রবেশাধিকার এবং বিনিয়োগ আলোচনায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শেষাংশে শামা ওবায়েদ ইসলাম বলেন, একটি জাতির প্রকৃত সম্পদ শুধু সুউচ্চ অট্টালিকা দিয়ে পরিমাপ করা যায় না; বরং যারা এসব স্থাপনা নির্মাণ করেন, তাঁদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার মাধ্যমেই তা পরিমাপ করা হয়।
কেবল জীবিকা নির্বাহের জন্য কোনো শ্রমিককে যেন নিজের জীবন বা স্বাস্থ্যের ঝুঁকি নিতে না হয়—এ লক্ষ্যেই গবেষণা ও তথ্য-প্রমাণ কাজে লাগিয়ে নিরাপদ ও ন্যায্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।