Print

সারাদিন

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত: ৭:২৭ অপরাহন, নভম্বর ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ ছয় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। শুনানিতে তিনি বলেন, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেনি। তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেছেন।

এ অবস্থায় পলাতক মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানায় প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।

একই মামলায় গ্রেপ্তার ছয় আসামি হলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

Nagad
Nagad

রোববার সকালে গ্রেপ্তার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে ফারুক খানকে আদালতে আনা সম্ভব হয়নি। মির্জা আজমসহ এ মামলায় মোট আসামি সাতজন।

এর আগে গত ২ নভেম্বর আওয়ামী লীগের এই সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৫ নভেম্বর অভিযোগ আমলে নিয়ে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিচারিক প্যানেল। একই সঙ্গে মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সাত নেতা। ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই কারফিউ কাজে লাগিয়ে হত্যাযজ্ঞ পরিচালনার পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানো হয়। এ ঘটনায় সাত নেতার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।