প্রকাশিত: ৮:৫০ অপরাহন, নভম্বর ২২, ২০২৬
সারাদিন ডেস্ক
চাকরির বাজারে চাহিদা নেই-এমন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ না খোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষক রাজনীতি ও শিক্ষার্থী রাজনীতির উদ্দেশ্যে বিভাগ খোলার প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থানের সুযোগ বিবেচনা না করে নতুন বিভাগ খোলা হলে বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার প্রতিষ্ঠান না হয়ে বেকারত্ব তৈরির প্রতিষ্ঠানে পরিণত হবে।
রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠান সহযোগিতা: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার আগে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা, বর্তমান শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগ বিবেচনা করতে হবে। শুধু বিভাগ খোলার জন্য বিভাগ খোলা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না।
প্রয়োজন নেই—এমন বিভাগ খোলার অনুমতি না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘বেকারত্বের কারখানা বানাবেন না। এমন কোনো বিভাগ খুলবেন না, যেগুলো আগে শিক্ষক রাজনীতির জন্য বা শিক্ষার্থী রাজনীতির জন্য খোলা হয়েছে। এমন কোনো বিভাগ খুলবেন না, যে বিভাগের প্রয়োজন নেই।’
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকটের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষকের ঘাটতি রয়েছে। অথচ প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামো সম্প্রসারণ করা যাচ্ছে না।
এই সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়গুলোর জনবল চাহিদা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু নতুন বিভাগ খোলার দিকে গুরুত্ব না দিয়ে বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মান, গবেষণা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দিতে হবে। কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে হবে।