প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্, নভম্বর ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের হাসেমবাগ এলাকায় ছুরিকাঘাতে মো. আনোয়ার হোসেন নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তিনি শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে চালক হিসেবে কর্মরত ছিলেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুল সাত্তার ও পুলিশ সদস্য আনোয়ার হোসেন তথ্য অনুসন্ধানের জন্য হাসেমবাগ এলাকায় যান।
এ সময় কয়েকজন দুষ্কৃতকারী তাদের ওপর হামলা চালায়। সহকারী উপপরিদর্শক আব্দুল সাত্তার দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে আনোয়ার হোসেনকে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর অন্তত ১১টি হামলার ঘটনা ঘটেছে। একের পর এক এমন হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।