প্রকাশিত: ১২:২২ অপরাহন, নভম্বর ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন। ফলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন ভর্তি পরীক্ষা নিতে আইনগতভাবে আর বাধার মুখে পড়বে না।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
হাইকোর্টের আদেশে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন করার সুযোগ দেওয়ার কথাও বলা হয়।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। বৃহস্পতিবার চেম্বার আদালতে শুনানি শেষে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। পরে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
যে কারণে রিট
উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সময়ের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি সমন্বয় না করার অভিযোগে গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ রিটটি করেন।
রিট আবেদনে বলা হয়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে এ সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২৩ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। ফলে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়টির তিনটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে রিটে উল্লেখ করা হয়।
রিটে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করার অনুরোধ জানিয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেয়নি।
এ অবস্থায় সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সব যোগ্য শিক্ষার্থী যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সমান সুযোগ পান, সে জন্য ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।