প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্, নভম্বর ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কাকন বাহিনীর বিরুদ্ধে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা (২২), শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন (২৬), ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন (২৮), শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং মহিদুল ইসলাম (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর সঙ্গে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানের সমর্থকদের পদ্মা নদীর বালুমহাল দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় মেহেদী হাসানের সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেন।
এ সময় কাকন বাহিনীর লোকজন তাদের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করে বলে অভিযোগ করেন আহতরা। এতে মেহেদী হাসানের পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।
পরে আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তার ও বালুমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের জন্য তারা একত্রিত হলে আওয়ামী লীগ-সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।