Print

সারাদিন

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে ফিরলেন জেনসেন হুয়াং

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্, নভম্বর ২৪, ২০২৬

সারাদিন ডেস্ক

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আবারও জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। সোমবার রাতে কোম্পানিটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

পুনর্বহালের ঘোষণার পরপরই বাজার খোলার আগের লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে যায়। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোর একটি এনভিডিয়া।

এর আগে ১২ নভেম্বর জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারে দরপতন হয়েছিল।

এনভিডিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তার পাশাপাশি জেনসেন হুয়াংকে আবারও প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে একাধিকবার আলোচনা ও বৈঠকের পর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়।

পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার আগে পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামতও নেয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব কর্মকর্তার মতামতের ভিত্তিতে পর্ষদ নিশ্চিত হয়েছে যে জেনসেন হুয়াংকে পুনর্বহাল করলে মার্কিন জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হবে না।

এর আগে চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে জেনসেন হুয়াংকে এনভিডিয়ার সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে কোম্পানির আরেক নারী কর্মীর সঙ্গেও সম্পর্কের অভিযোগ উঠেছিল।

Nagad
Nagad

এদিকে, এনভিডিয়ার ঘোষণার কয়েক ঘণ্টা আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে গোপন সম্পর্কের সময় অ্যালিস হুয়াংয়ের চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল। মার্কিন গোয়েন্দারা এ-সংক্রান্ত প্রমাণ সংগ্রহ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন গোয়েন্দাদের নথির বরাত দিয়ে একাধিক সূত্র নিউইয়র্ক টাইমসকে জানায়, চীনা গোয়েন্দাদের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের যোগাযোগের সময়ই এনভিডিয়ার বিপুল পরিমাণ উন্নত চিপ কেনে মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠান, যার সঙ্গে অ্যালিস যুক্ত ছিলেন। এসব চিপের কিছু দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন তথ্যকেন্দ্রে পাঠানো হয়েছিল। সেসব তথ্যকেন্দ্র থেকে আলিবাবার মতো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সেবা নিত।

তবে এসব বিতর্কের মধ্যেও জেনসেন হুয়াংকে পদে পুনর্বহালের পক্ষে অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোনস বলেন, কোম্পানির নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেন হুয়াংই সঠিক ব্যক্তি বলে পর্ষদ বিশ্বাস করে। শেয়ারধারী, কর্মী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থে তাঁকে পুনর্বহাল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জেনসেন হুয়াংয়ের বক্তব্যও তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘এনভিডিয়ায় ফিরে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। নতুন করে অঙ্গীকার নিয়ে দায়িত্বটি গ্রহণ করছি।’