প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্, নভম্বর ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ধাপ প্রিলিমিনারি রাউন্ড সামনে রেখে দর্শকদের ভোটে সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার লড়াইয়ে দেশবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি।
আবেগঘন এক বার্তায় সামিরা জানিয়েছেন, এই মঞ্চে তিনি শুধু নিজের পরিচয়ে দাঁড়িয়ে নেই; সঙ্গে রয়েছে লাখো মানুষের স্বপ্ন ও প্রত্যাশা।
মিস ইউনিভার্স ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বসিত সামিরা। প্রিলিমিনারি রাউন্ডের আগে দেওয়া বার্তায় তিনি বলেন, দিনটি শুধু তাঁর একার নয়, পুরো বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ। ছোট দেশ হলেও বাংলাদেশের মানুষের স্বপ্ন অনেক বড়—এ বিশ্বাস থেকেই আন্তর্জাতিক মঞ্চে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সামিরা মনে করেন, প্রতিযোগিতার এই কঠিন ও গুরুত্বপূর্ণ সময়ে দর্শকদের সমর্থন এবং একটি ভোট তাঁর পথচলায় বড় শক্তি হতে পারে। তিনি বলেন, ‘আমি একা এই মঞ্চে দাঁড়িয়ে নেই, আমার সঙ্গে আছে আমার পুরো বাংলাদেশ।’
দেশের মেয়ে হিসেবে সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চে নিজের পারফরম্যান্সের পাশাপাশি দর্শকদের ভোটেও এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দর্শকদের ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে।
এর আগে ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভোট দেওয়ার নিয়ম জানান সামিরা। তিনি জানান, আগ্রহীরা ‘এমইউ ফ্যান’ অ্যাপ নামিয়ে ভোটের অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে তাঁকে ভোট দিতে পারবেন।
ভোট শুরু হওয়ার পর ১০ নভেম্বর প্রকাশিত প্রাথমিক অবস্থানে প্রথম স্থানেও দেখা গিয়েছিল সামিরা খান মাহিকে। শুরু থেকেই সমর্থকদের এই সাড়া তাঁকে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।
‘স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা’—উল্লেখ করে প্রতিযোগিতার শেষ মুহূর্ত পর্যন্ত দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এই প্রতিযোগী।