প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্, নভম্বর ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে পাঁচ বছরে মোট ৭৫ হাজার কোটি টাকা সরকারের কাছে চেয়েছে। ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ এ অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব করেছে ব্যাংকটি। একই সঙ্গে অন্যান্য ব্যাংকে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে তারা। এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকটিকে দুরবস্থা থেকে উদ্ধারে এসব প্রস্তাব পাঠিয়েছে।
ব্যাংকটিকে লাভজনক করতে তিন ভাগে বিভক্ত করে মোট ১৩টি প্রস্তাব দিয়েছে পরিচালনা পর্ষদ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং পদাধিকার বলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন।
ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আন্দোলন করছে। ফোরামটি জামায়াতপন্থি হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন হতে পারে।
সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ও ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পর্ষদ সদস্যরাও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের বিষয়ে মতামত দিয়েছেন। এ নিয়ে কাজ চলছে। সূত্র: সমকাল
পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা সহায়তা
বাংলাদেশ ব্যাংকের কাছে ‘ইসলামী ব্যাংক পর্ষদের প্রস্তাব’ শিরোনামে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, ব্যাংককে টেকসই ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট মোকাবিলা এবং রাজস্ব খাত থেকে সরকারের সহায়তা প্রয়োজন। পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে পাঁচ বছরে সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। ষষ্ঠ বছর থেকে এই অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।
সম্মিলিত ইসলামী ব্যাংকের আদলে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক রেট বা ৪ শতাংশ সুদে বিশেষ তারল্য সহায়তাও চাওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পরিশোধ ব্যবস্থা এবং উপযুক্ত শর্তের আওতায় এ অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া এস আলম গ্রুপসহ দুর্দশাগ্রস্ত খেলাপি ঋণ আদায়ে নিয়ন্ত্রক সংস্থার সহায়তা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি সম্পদ জব্দ করে অর্থ উদ্ধারের পাশাপাশি অবরুদ্ধ শেয়ারের মালিকানা পাওয়ার ক্ষেত্রে সহায়তা চাওয়া হয়েছে। একই সঙ্গে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বা বিশেষ উদ্দেশ্যে গঠিত কোম্পানির মাধ্যমে এসব সম্পদ বিক্রির সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে-বেনামে ২৪টি প্রতিষ্ঠানের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে। ২০২৪ সালের আগস্টের পর থেকে এসব শেয়ার স্থগিত রয়েছে। গত ৩০ আগস্টের এক আদেশে তিন মাসের জন্য এসব শেয়ার অবরুদ্ধ রাখার নির্দেশ দেন আদালত।
বিভিন্ন ব্যাংকে আটকে ১৪ হাজার কোটি টাকা
ইসলামী ব্যাংক জানিয়েছে, বিভিন্ন ব্যাংকের কাছে তাদের প্রায় ১৪ হাজার কোটি টাকা আটকে আছে। এর মধ্যে পাঁচ ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে রয়েছে ১১ হাজার ২৬৪ কোটি টাকা। জনতা ব্যাংকে আটকে আছে ১ হাজার ৩০৯ কোটি টাকা এবং আভিভা ফাইন্যান্সে রয়েছে ১ হাজার ৮৫ কোটি টাকা।
এসব অর্থ আদায়ে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির মতে, অর্থ ফেরত পাওয়া গেলে তহবিল ও তারল্যের চাপ কমবে, পুরোনো সম্পদ আদায় ত্বরান্বিত হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যালান্স শিট স্বাভাবিক করা সহজ হবে।
সিআরআর-এসএলআরের জরিমানা মওকুফের প্রস্তাব
পুনরুদ্ধার পরিকল্পনার আরেকটি প্রস্তাবে সিআরআর ও এসএলআরের বিপরীতে আরোপিত জরিমানা ও সংশ্লিষ্ট চার্জ মওকুফের আবেদন করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এসব জরিমানা মওকুফ করতে পারে না। ব্যাংক কোম্পানি আইনের আলোকে কেবল সরকার এ ধরনের জরিমানা মওকুফ করতে পারে।
বিদ্যমান নিয়ম অনুযায়ী, একটি ব্যাংকের মোট তলবি ও মেয়াদি দায়ের ৪ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা বা সিআরআর হিসেবে রাখতে হয়। আর সহজে বিনিময়যোগ্য সম্পদ বা এসএলআর হিসেবে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে সাড়ে ৫ শতাংশ রাখতে হয়।
কোনো ব্যাংক সিআরআর সংরক্ষণে ব্যর্থ হলে অসংরক্ষিত অংশের ওপর ৯ শতাংশ হারে দণ্ডসুদ দিতে হয়। আর এসএলআর সংরক্ষণে ব্যর্থ হলে ঘাটতি অংশের ওপর ১১ শতাংশ হারে জরিমানা দিতে হয়।
অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি করার প্রস্তাব
ব্যাংকের প্রস্তাবনায় অনুমোদিত মূলধন বর্তমানের ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাওয়া হয়েছে। একই সঙ্গে পরিচালন কাঠামো তথা মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
দ্বিতীয় ধাপে মূলধন ঘাটতি পূরণে সরকারকে কৌশলগত অংশীদার হিসেবে চাওয়া হয়েছে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৬১০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এতে ব্যাংকটিতে সরকারের মালিকানা দাঁড়াবে ৭৮ দশমিক ৮৪ শতাংশ। সরকার বা যোগ্য সরকারি প্রতিষ্ঠান ইকুইটি বিনিয়োগ কিংবা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বিনিয়োগ করতে পারে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
মূলধন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রস্তাবে বলা হয়েছে, এর মাধ্যমে বাসেল-৩-এর আওতায় মূলধন ঘাটতি পূরণ ও ক্ষতি শোষণের সক্ষমতা বাড়ানো যাবে। একই সঙ্গে বিদ্যমান আয় থেকে মূলধন পুনর্গঠনে ব্যাংকের সীমিত সক্ষমতার ঘাটতি পূরণ, তারল্য সহায়তা থেকে আর্থিক পুনরুদ্ধারে টেকসই উত্তরণ, আমানতকারীদের আস্থা এবং অপরিহার্য ব্যাংকিং সেবার ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব হবে।
খেলাপি ঋণ ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা
ইসলামী ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক। দীর্ঘদিন জামায়াতপন্থিদের কর্তৃত্বে ব্যাংকটি পরিচালিত হয়ে আসছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ব্যাংক এস আলম-সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। পরে আন্দোলনের মুখে ব্যাংকটির তিনজন চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন হয়েছেন দুজন। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে চলছে ব্যাংকটি।
গত জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে মোট ৮২ হাজার ৩৩৪ কোটি টাকার প্রভিশন ঘাটতি তৈরি হয়েছে।
চলতি বছরের প্রথম নয় মাসে ইসলামী ব্যাংক রেকর্ড ৩ হাজার ২৮৬ কোটি টাকা নিট লোকসানের মুখে পড়েছে।