Print

সারাদিন

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্, নভম্বর ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক অপর ব্যক্তি হলেন বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। পরে তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখা হয়। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। পরে ভোর ৫টার দিকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠে।

অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ওই হোটেলে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে পুরো হোটেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চারজনের পরিচয় নিশ্চিত করে তাদের আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, আটক চারজনকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Nagad
Nagad

তবে তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।