Print

সারাদিন

টেলর সুইফটের বিরুদ্ধে প্রভাব খাটানো ও প্রতিশোধপরায়ণতার অভিযোগ

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্, নভম্বর ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী টেলর সুইফটকে নিয়ে প্রকাশিত একটি বিস্ফোরক প্রতিবেদন ঘিরে সরগরম আন্তর্জাতিক বিনোদন অঙ্গন। প্রতিবেদনে তাকে এমন একজন মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি ‘অন্যকে ভুক্তভোগী করেন, আবার নিজেও ভুক্তভোগী’। তবে প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।

টেলরের ভক্তদের একাংশের দাবি, সফল এই নারী শিল্পীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

গত ২৩ নভেম্বর ‘ভ্যানিটি ফেয়ার’-এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। সাংবাদিক মে জংয়ের লেখা ‘দ্য মাস্টারমাইন্ড’ শিরোনামের প্রতিবেদনটি তৈরি করতে প্রায় এক বছর সময় লেগেছে। এতে টেলর সুইফটের জীবন ও ক্যারিয়ারের সঙ্গে সংশ্লিষ্ট শতাধিক মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংগীতশিল্পী, শিল্পী কিংবা তারকা পরিচয়ের বাইরেও টেলর সুইফটের সবচেয়ে দীর্ঘস্থায়ী পরিচয় হলো—তিনি একই সঙ্গে ভুক্তভোগী এবং অন্যকে ভুক্তভোগী করে তোলেন।

প্রতিবেদনটিতে টেলরের প্রতিবেশী, সহপাঠী, সাবেক প্রেমিক, শিক্ষক, ঘনিষ্ঠজন, গবেষক ও সমালোচকদের বক্তব্য তুলে ধরা হয়েছে। ৩৬ বছর বয়সী এই শিল্পীর সঙ্গে কাজ করা কিংবা তার কাছাকাছি থাকা ব্যক্তিরা তাকে কীভাবে দেখেন, মূলত সেটিই তুলে ধরা হয়েছে এসব বক্তব্যে।

দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, বন্ধুত্ব এবং প্রতিকূলতা জয় করার প্রতীক হিসেবে পরিচিত টেলর সুইফট। তবে নতুন এই প্রতিবেদনে তার সম্পর্কে ভিন্ন এক চিত্র তুলে ধরা হয়েছে। এতে তার বিরুদ্ধে প্রভাব খাটানো, সামাজিকভাবে অন্যদের একঘরে করা এবং প্রতিশোধপরায়ণ আচরণের অভিযোগ আনা হয়েছে।

Nagad
Nagad

প্রতিবেদনে কেউ কেউ টেলরকে ‘শাস্তিমূলক মানসিকতার’ মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা কয়েকজনের বক্তব্য, ‘তিনি মানুষকে মাথায় আঘাত করতে ভালোবাসেন।’ এক সাবেক সহযোগী বলেছেন, ‘তার কাছে কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনি যদি তার সঙ্গে একমত না হন, তাহলে তিনি আপনার পেছনে লাগবেন।’

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, টেলরের চাওয়া অনুযায়ী কেউ কাজ না করলে কিংবা তার প্রয়োজনের সময় সহযোগিতা করতে না পারলে সামাজিক পরিসর ও পেশাগত সুযোগ থেকে তাকে দূরে সরিয়ে রাখা হতে পারে।

সংগীতজগতের এক নির্বাহী টেলরকে ‘মিন গার্লস’ সিনেমার কুখ্যাত চরিত্র রেজিনা জর্জের সঙ্গে তুলনা করে বলেন, ‘এটা সত্যিই রেজিনা জর্জের মতো আচরণ।’

অন্যদিকে, টেলরের শৈশবের এক সহপাঠী চানিস স্কিনার তার স্কুলজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আপনি যদি তার বন্ধুমহলের অংশ না হতেন, তাহলে তার কাছে আপনার কোনো অস্তিত্বই ছিল না। বরং অনেক ক্ষেত্রে আপনিই ছিলেন নিগ্রহের শিকার।’

সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ টেলরের পক্ষ নিয়েছেন, আবার কেউ প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোকে সমর্থন করেছেন।

একজন লিখেছেন, ‘আমি জানতে চাই, এই প্রতিবেদন প্রকাশের জন্য কে অর্থ দিয়েছে? এটি যে পরিকল্পিত অপপ্রচারের অংশ, তা বুঝতে অসুবিধা হচ্ছে না।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘ঘৃণ্য! সমাজ একসময় ম্যাডোনা ও ব্রিটনি স্পিয়ার্সের মতো নারীদের সঙ্গে কী আচরণ করেছে, তা মনে রাখা উচিত। ভ্যানিটি ফেয়ারও এখন একজন সফল নারীর বিরুদ্ধে পুরো শিল্পজগতের পরিকল্পিত আক্রমণে অংশ নিচ্ছে।’

আরেকজন লিখেছেন, ‘একজন পুরুষের বিরুদ্ধে এমন প্রতিবেদন কখনও দেখা যেত না। বিষয়টি সত্যিই হতাশাজনক।’

অন্য এক ভক্তের মন্তব্য, ‘এটি একটি নিম্নমানের পত্রিকা। মনে হচ্ছে, সংবাদ প্রকাশের মতো আর কোনো বিষয় খুঁজে পাচ্ছে না। টেলরকে তার মতো থাকতে দিন।’

তবে প্রতিবেদনের সমর্থনেও মন্তব্য করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ। টেলরের ভক্তদের অন্ধ সমর্থনে প্রভাবিত না হওয়ার জন্যও ধন্যবাদ।’