Print

সারাদিন

২০৩০ সালের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে এআইইউবিতে শিল্প-শিক্ষা সংলাপ

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্, নভম্বর ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিত করার করণীয় নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) শিল্প-শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘বাংলাদেশ টুওয়ার্ডস ২০৩০: ইকোনমিক আউটলুক, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। স্বাগত বক্তব্য দেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক এবং শিল্পখাতের সঙ্গে সহযোগিতা জোরদারে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে উপস্থাপনা করেন এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রহমান। পরে বক্তব্য দেন বিশেষ অতিথি রূপ রতন পাইন।

প্রধান অতিথির মূল প্রবন্ধে ড. মো. হাবিবুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, মুদ্রানীতি, ব্যাংকিং খাত, বৈদেশিক লেনদেন এবং রাজস্ব খাতের সামগ্রিক চিত্র তুলে ধরেন।

তিনি দেশের অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন। এর মধ্যে মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি, খেলাপি ঋণ, রাজস্ব-জিডিপি অনুপাত এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিশেষভাবে উঠে আসে।

Nagad
Nagad

এ সময় ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ, অর্থনৈতিক পুনরুদ্ধারে পুনঃঅর্থায়ন তহবিল এবং আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি নগদবিহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যেও নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান তিনি।

আলোচনা সভার শেষ পর্যায়ে এআইইউবির অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইয়ের পরিচালক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজ ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক এবং স্বনামধন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নেন।