Print

সারাদিন

নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্, নভম্বর ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তন হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন ঠিকানায় ভিসার আবেদন ও ভিসা সংগ্রহের কার্যক্রম চালু হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার সল্টলেকে সিমসিস টাওয়ারের প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি, সেক্টর ফাইভে নতুন ভিসা কেন্দ্র চালু হবে। অন্যদিকে, শিলিগুড়িতে সেবক রোডের সিটি মলের দ্বিতীয় তলায় চালু হবে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে নতুন দুটি কেন্দ্রের ভিসা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস।

এর আগে কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড। তবে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা পুরোনো দুটি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা আবেদন করতে ইচ্ছুক ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার খবরে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।

তবে পুরোনো কেন্দ্র দুটি বন্ধ হলেও ভিসা কার্যক্রম চালু থাকছে। এর পরিবর্তে নতুন ঠিকানায় দুটি কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ উপদূতাবাস। ফলে ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির নতুন কেন্দ্রের মাধ্যমে ভিসার আবেদন ও সংগ্রহের কার্যক্রম পরিচালিত হবে।

Nagad
Nagad