প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্, নভম্বর ২৫, ২০২৬
সারাদিন ডেস্ক
শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা আরও চার বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিষয়ে আবেদন করা প্রতিষ্ঠানগুলো ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে।
তবে যেসব প্রতিষ্ঠানের জন্য এরই মধ্যে সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের নির্ধারিত সময়সীমাই বহাল থাকবে। সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে কমিশন।
বিএসইসির আদেশ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতি অর্থবছরের শেষে ন্যূনতম ২৫ শতাংশ হারে তা সমন্বয় করতে হবে।
তবে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর পর নতুন করে সৃষ্ট নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লসের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। ওই তারিখে নির্ধারিত অঙ্কের বাইরে নতুন কোনো নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লস তৈরি হলে তা সংশ্লিষ্ট অর্থবছরেই সংরক্ষণ ও সমন্বয় করতে হবে।
সময় বাড়ানোর পাশাপাশি কয়েকটি শর্তও দিয়েছে কমিশন। আদেশে বলা হয়েছে, নেগেটিভ ইকুইটিযুক্ত বিও হিসাবের বিপরীতে বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে শুধু ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না এবং ব্লক মার্কেটে লেনদেন করা যাবে না।
এ ছাড়া বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিও হিসাবগুলোতে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। এ সময় সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
আর্থিক বিবরণীতে নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের তথ্য আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুযায়ী যথাযথভাবে প্রকাশ করার নির্দেশনাও দিয়েছে বিএসইসি।
কমিশন জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে এ সময়সীমা বাড়ানো হয়েছে। তবে আদেশের শর্ত ভঙ্গ হলে কমিশন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত শর্ত আরোপ, আদেশ সংশোধন, পরিবর্তন কিংবা বাতিল করতে পারবে।