Print

সারাদিন

বাজারে অভিযান-জরিমানার হিসাব আছে, তবু কমছে না ভোগান্তি

প্রকাশিত: ১২:১৬ অপরাহন, নভম্বর ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

বাজারে ঢোকার আগে ক্রেতার হাতে থাকে পণ্যের তালিকা। আর ফেরার সময় হাতে থাকে হিসাব মেলানোর দুশ্চিন্তা। কোথাও শীতের সবজি ও পেঁয়াজের দাম কমেছে, কোথাও ভোজ্যতেল, চিনি কিংবা নিত্যপ্রয়োজনীয় অন্য পণ্যের দাম কমছে না। এর মধ্যেই বাজার নিয়ন্ত্রণে হাজার হাজার অভিযান চালিয়েছে সরকার। আদায় করা হয়েছে ১৫ কোটি টাকার বেশি জরিমানা। প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা হয়েছে ৬৭টি মামলা। কিন্তু এত অভিযান, জরিমানা ও নজরদারির পরও নিত্যপণ্যের বাজারে কাঙ্ক্ষিত স্বস্তি মিলছে না। প্রশ্ন উঠেছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের এত উদ্যোগের কার্যকারিতা আসলে কতটুকু? নজরদারির ঘাটতিই বা কোথায়?

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গত ১৫ নভেম্বর জাতীয় সংসদে সংসদ সদস্যদের একাধিক প্রশ্নের জবাবে বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ১০ হাজার ১৪৪টি অভিযানে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স নিয়মিত বাজার তদারকি করছে। সরকারের দাবি, এসব কার্যক্রমের লক্ষ্য অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি ও কৃত্রিম সংকট রোধ করা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১৫ নভেম্বরের ঢাকা মহানগরীর খুচরা মূল্যতালিকা অনুযায়ী, মোটা চাল প্রতি কেজি ৫০ থেকে ৫৮ টাকা, মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে। এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ২০৪ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৯ থেকে ১৯৫ টাকা এবং চিনি প্রতি কেজি ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫৫ টাকা এবং বড় দানার মসুর ডাল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। কিছু পণ্যের দামে স্বস্তি ফিরলেও সামগ্রিক ব্যয়ের চাপ কাটেনি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২২ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নামলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি কমার অর্থ সব পণ্যের দাম আগের অবস্থায় ফিরে যাওয়া নয়; বরং দাম বৃদ্ধির গতি কমা। ফলে বাজারে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সংকট কাটছে না।

সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের পদক্ষেপ জানতে চান। জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকার পাইকারি ও খুচরা বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দুটি অভিযান পরিচালিত হচ্ছে। দেশজুড়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি অব্যাহত রয়েছে। তবে পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণ, গুদাম থেকে দোকান পর্যন্ত পণ্য হাতবদলের সংখ্যা এবং প্রতিটি পর্যায়ে মুনাফার হার চিহ্নিত না করে শুধু খুচরা বাজারে অভিযান চালিয়ে মূল্যবৃদ্ধির প্রকৃত উৎস শনাক্ত করা কঠিন।

খুলনার পরিসংখ্যানও একই প্রশ্ন সামনে এনেছে। খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে খুলনা মহানগরীতে ২২০টি বাজার তদারকির মাধ্যমে ২৪৪টি প্রতিষ্ঠানকে ২৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে খুলনা-১ আসনের দাকোপ ও বটিয়াঘাটায় গত তিন বছরে ৫৫টি অভিযানে ১২৩টি প্রতিষ্ঠানকে ছয় লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এসব অভিযানের ফলে সংশ্লিষ্ট বাজারগুলোতে পণ্যের দাম কতটা কমেছে, সে বিষয়ে সংসদে দেওয়া উত্তরে কোনো পরিসংখ্যান নেই।

Nagad
Nagad

সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা, নিষ্পত্তি কত?

জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিযোগিতা আইন, ২০১২-এর আওতায় চালের বাজারে ২১টি, ভোজ্যতেলে ১০টি, ডিমে ১৮টি, ব্রয়লার মুরগিতে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজের বাজারে একটি মামলাসহ মোট ৬৭টি মামলা করেছে। এর মধ্যে আটটি মামলায় আর্থিক জরিমানা করা হয়েছে। বাকি মামলাগুলোর বর্তমান অবস্থা, নিষ্পত্তির সময়সীমা কিংবা বাজারে এসব মামলার প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফলে মামলার সংখ্যা দিয়ে সিন্ডিকেট কতটা দুর্বল হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমের পরিধি খুচরা বাজারের অনিয়ম শনাক্ত করার চেয়েও বিস্তৃত। ব্যবসায়ীদের পারস্পরিক যোগসাজশ, সম্মিলিতভাবে দাম নির্ধারণ, সরবরাহ সীমিত করা কিংবা বাজারে নতুন ব্যবসায়ীদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি—এসব বিষয় শনাক্ত করা কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের অনিয়ম প্রমাণে লেনদেন, মজুত, পরিবহন ও পাইকারি দামের ধারাবাহিক তথ্য প্রয়োজন। বড় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রভাব ও সম্ভাব্য যোগসাজশের বিষয়ে কার্যকর অনুসন্ধান ছাড়া শুধু খুচরা ব্যবসায়ীদের জরিমানা করে বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা কঠিন।

সরকারও স্বীকার করেছে, পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং সরবরাহব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত মুনাফা আদায় ও অনিয়ম ভূমিকা রাখে। সংসদে নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস না পাওয়ার অভিযোগের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কারণ তুলে ধরেন। তাঁর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ৫৪২টি বাজার তদারকির মাধ্যমে ৭৮২টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এত নজরদারির পরও একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি কেন ঘটছে, সেটি নিয়েই প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

টিসিবির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা

নিম্ন আয়ের মানুষের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছে সরকার। উচ্চমূল্যের চাপ সামলাতে এটি নিম্ন আয়ের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা। তবে খুলনা-২ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, টিসিবির কার্ডের আওতায় উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি ও ট্রাকসেল কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। নির্ধারিত উপকারভোগীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের কাছেও ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে। কিন্তু বাড়তি সুবিধা কত পরিবার পাবে, কবে থেকে কার্যক্রম শুরু হবে কিংবা কী পরিমাণ পণ্য সরবরাহ করা হবে, সে বিষয়ে সংসদে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

সরকার উৎপাদক থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য সরবরাহ, মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক প্রভাব কমানো এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সমান সুযোগ তৈরির কথাও বলছে। সংশ্লিষ্টদের মতে, কৃষক বা উৎপাদক পর্যায়ের দাম, আড়তের কমিশন, পরিবহন ও সংরক্ষণ ব্যয়, পাইকারি মূল্য এবং চূড়ান্ত খুচরা মূল্য নিয়মিত প্রকাশ করা হলে অস্বাভাবিক মূল্য ব্যবধান শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে প্রকৃত ব্যয় ও অবৈধ যোগসাজশের মধ্যে পার্থক্য নিরূপণও সম্ভব হবে।

রমজান সামনে, প্রস্তুতি কতটা?

আসন্ন রমজান ঘিরে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ ও খেজুরের উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। খেজুরের শুল্কহার কমাতে গত ২ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠানো হয়েছে। আমদানিকারকদের নীতি সহায়তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ও প্রস্তুতির অংশ। তবে শুল্ক কমানোর অনুরোধ এবং তা কার্যকর হওয়ার বিষয় এক নয়। সিদ্ধান্তের বাস্তবায়ন, বন্দরে পণ্য খালাস, গুদামে মজুত এবং বাজারে পণ্য পৌঁছানোর সময়সীমা স্পষ্ট না হলে এসব প্রস্তুতির সুফল ক্রেতারা কতটা পাবেন, তা নিয়ে অনিশ্চয়তা থেকে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, মূল্য স্থিতিশীল রাখতে প্রয়োজন পর্যাপ্ত সরবরাহ, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ ও ধারাবাহিক নজরদারি। এর সঙ্গে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। শুধু আমদানির অনুমোদন কিংবা বাজার অভিযান দীর্ঘমেয়াদি সমাধান নয়। পণ্য পরিবহনের ব্যয়, গুদামের মজুত, ক্রয়-বিক্রয়ের রসিদ ও সরবরাহ পরিস্থিতির তথ্য নিয়ে সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে ভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারবার ব্যবস্থা নেওয়ার তথ্য প্রকাশ করলে নজরদারির কার্যকারিতা ও জবাবদিহি বাড়বে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মো. হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজারে কোনো সমস্যা হলেই ব্যবসায়ীদের সিন্ডিকেটের কথা বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিন্ডিকেট কোথায়? কারা সিন্ডিকেট করছে, কোথায় অনিয়ম হচ্ছে, সেটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। শুধু ব্যবসায়ীদের ওপর দায় চাপিয়ে দিলেই তো বাজার নিয়ন্ত্রণে আসবে না। একজন ব্যবসায়ীকে যদি ১৩০ টাকা দরে ডলার কিনে পণ্য আমদানি করতে হয়, তাহলে সেই আমদানি ব্যয়ের প্রভাব বাজারে পড়বে, এটাই স্বাভাবিক। এখানে ব্যবসায়ীর অপরাধ কোথায়?’

বাজার নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘বাজারকে স্বাভাবিক অবস্থায় আনতে হলে আগে পণ্যের আমদানি ব্যয়, সরবরাহ পরিস্থিতি ও মূল্য নির্ধারণের বাস্তব কারণগুলো দেখতে হবে। খরচ কমানোর ব্যবস্থা করতে হবে। পণ্যের আমদানি ও সরবরাহ ব্যয় কমলে বাজারেও তার ইতিবাচক প্রভাব পড়বে। বাজারের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে। ব্যবসায়ীদের একতরফাভাবে দায়ী করে কিংবা শুধু অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্যেষ্ঠ সহসভাপতি ও বাজার বিশ্লেষক এস এম নাজের হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় মাঝেমধ্যে মনিটরিং টিম গঠন ও অভিযান পরিচালনা করলেও এসব কার্যক্রমে ধারাবাহিকতা এবং কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে। জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী অভিযানের নানা পরিসংখ্যান তুলে ধরেছেন। কিন্তু এসব অভিযানে বাজারে কতটা ইতিবাচক প্রভাব পড়েছে, তার সুস্পষ্ট হিসাব নেই। শুধু অভিযান ও জরিমানার সংখ্যা বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বাজার তদারকি কার্যক্রম অনেকটা বিচ্ছিন্ন ও লোকদেখানো হয়ে পড়েছে। বিশেষ করে রমজান কিংবা বাজারে সংকট দেখা দিলেই কমিটি গঠন ও অভিযানের তোড়জোড় শুরু হয়। পরে সেই তৎপরতা আর থাকে না। শুধু সরকারি কর্মকর্তাদের নিয়ে কমিটি না করে সেখানে ক্যাব, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধি যুক্ত করতে হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।’

ব্যবসা ও রাজনীতির যোগসূত্র নিয়ে তিনি বলেন, ‘অনেক ব্যবসায়ী রাজনৈতিক ক্ষমতা অর্জনে বিপুল অর্থ ব্যয় করেন এবং পরে সেই প্রভাব ব্যবসায়িক স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করেন। এতে বাজারে স্বচ্ছ প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়। সিন্ডিকেট ভাঙতে হলে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, চাঁদাবাজি ও ব্যবসায়িক যোগসাজশের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মৌসুমভিত্তিক অভিযানের পরিবর্তে নিয়মিত, সমন্বিত ও জবাবদিহিমূলক বাজার তদারকি নিশ্চিত করতে হবে।’