Print

সারাদিন

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

প্রকাশিত: ১২:৫০ অপরাহন, নভম্বর ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এ দাবিতে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। তবে এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সালনা এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে মালেকের বাড়ি এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণার পর বুধবার সকাল থেকে পোশাকশ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা দলবদ্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন।

একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

Nagad
Nagad

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ি এলাকায় বিশৃঙ্খলা চলছে। এসব এলাকার বেশির ভাগ পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।