প্রকাশিত: ২:০৫ অপরাহন, নভম্বর ২৫, ২০২৬
সারাদিন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত, সাবেক উপাচার্যসহ দুই শিক্ষককে সাত কর্মদিবসের মধ্যে সশরীর উপস্থিত হয়ে রিপোর্ট করার নির্দেশ এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। গত সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে সিন্ডিকেট।
উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
অন্যদিকে, ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীর উপস্থিত হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।
অধ্যাপক আলফেছানী বলেন, তাঁদের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে বলা হয়েছিল। তবে বিভাগ তাঁদের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয়কে কোনো তথ্য দিতে পারেনি। এ কারণে সিন্ডিকেট তাঁদের সশরীর রেজিস্ট্রারের কাছে হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। তাঁরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শবনম জাহান এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক শবনম জাহান ও অধ্যাপক কামাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র তৈরির সিদ্ধান্ত নেয় গত সোমবারের সিন্ডিকেট।
উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, পরবর্তী সিন্ডিকেট সভায় তাঁদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।