প্রকাশিত: ৯:৪৮ অপরাহন, নভম্বর ২৫, ২০২৬
সারাদিন ডেস্ক
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, এটি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। এ বিষয়ে ভারতের আর কিছু বলার নেই।
শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে তিনি বলেন, অনুরোধটি ভারতের প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধের বিষয় থেকে আলাদা।
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হিন্দুদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে ভারতের উদ্বেগের কথা জানান জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র হিসেবে পরিচিত সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।