Print

সারাদিন

নতুন কমিশন ঘিরে আশা ফিকে, শেয়ারবাজারে ফের অস্থিরতা

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্, নভম্বর ২৬, ২০২৬

সারাদিন ডেস্ক

নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর দেশের শেয়ারবাজার ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, সময়ের সঙ্গে তা অনেকটাই ম্লান হয়েছে। সূচকের ধারাবাহিক উত্থান ধরে রাখতে পারছে না বাজার। একদিন বড় উত্থান হলেও পরের দিনই তার চেয়ে বেশি পয়েন্ট হারানোর ঘটনা ঘটছে। বাজারের এমন পরিস্থিতির পেছনে নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারি ও তদারকির ঘাটতিকে দায়ী করছেন বাজারসংশ্লিষ্টরা।

তাঁদের অভিযোগ, বাজারে এখনো একটি অসাধু চক্র নিজেদের স্বার্থে শেয়ারের দর ও বাজারের গতিপ্রকৃতিতে প্রভাব বিস্তার করছে। এই চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না থাকায় সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না। বাজারের স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে যে ধরনের নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন, সেটিরও ঘাটতি রয়েছে বলে মনে করছেন তাঁরা।

বাজারসংশ্লিষ্টদের মতে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর একপর্যায়ে সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য উত্থান হয়েছিল। ওই গতি ধরে রাখা গেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এরই মধ্যে ৬ হাজার পয়েন্ট অতিক্রম করতে পারত। বিনিয়োগকারীর সংখ্যাও কয়েক গুণ বাড়ার সুযোগ তৈরি হতো। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। বরং বাজারে অনিশ্চয়তা ও অস্থিরতা থেকেই গেছে।

তাঁদের ভাষ্য, নতুন কমিশনকে ঘিরে বিনিয়োগকারীদের যে প্রত্যাশা ছিল, তার প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে না। দুর্বল তদারকির সুযোগে প্রভাবশালী একটি গোষ্ঠী বাজারকে নিজেদের মতো পরিচালনা করছে। ফলে বাজারে নতুন অর্থের প্রবাহের তুলনায় অর্থ বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি। এতে বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও গভীর হচ্ছে।

এদিকে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে দরপতনের ধারাই প্রাধান্য পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে। দিনটিতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানো প্রতিষ্ঠানের সংখ্যাও ছিল অনেক বেশি।

দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে নেমে এসেছে। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ১০ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ দশমিক ১৫ পয়েন্টে। আর বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ কমেছে ১৭ দশমিক ২৭ পয়েন্ট। দিন শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ২ হাজার ৯৬ দশমিক ১৯ পয়েন্টে।

Nagad
Nagad

এদিন ডিএসইতে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ৫৩টির দর বেড়েছে, ২৭৬টির কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে। বুধবার ডিএসইতে ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এই পরিমাণ ছিল ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ এক কর্মদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ১৫৮ কোটি ১৮ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র দেখা গেছে। বুধবার বাজারটিতে ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ২২ লাখ টাকা।

সিএসইতে এদিন মোট ২০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টির দর বেড়েছে, ১২০টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল। দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৯৬ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অথচ আগের কর্মদিবসে সূচকটি ৯৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছিল।