প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্, নভম্বর ২৭, ২০২৬
সারাদিন ডেস্ক
পুরনো ল্যাপটপ বিক্রি বা বদলে নতুনটি কেনার পরিকল্পনা থাকলে কিছু বিষয়ে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। তাড়াহুড়ো করে ল্যাপটপ বিক্রি করে দিলে ব্যক্তিগত তথ্য, ছবি, নথি ও বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই ল্যাপটপ অন্যের হাতে তুলে দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করে নেওয়া উচিত।
সব তথ্যের ব্যাকআপ নিন
ল্যাপটপ বিক্রির আগে প্রথম কাজ হলো প্রয়োজনীয় সব তথ্যের ব্যাকআপ নেওয়া। প্রতিটি ড্রাইভ, ডেস্কটপ, ডাউনলোডস ফোল্ডারসহ ল্যাপটপের বিভিন্ন জায়গা ভালোভাবে পরীক্ষা করে দেখুন। কোনো প্রয়োজনীয় নথি, ছবি বা ব্যক্তিগত ফাইল বাদ পড়েছে কি না, তা নিশ্চিত করুন।
প্রয়োজনীয় তথ্য বাহ্যিক হার্ডডিস্ক, পেনড্রাইভ অথবা অনলাইন সংরক্ষণ ব্যবস্থায় কপি করে রাখুন। ব্যাকআপ নেওয়ার পর অন্য কোনো যন্ত্রে ফাইলগুলো খুলে দেখে নিন, সব তথ্য ঠিকমতো সংরক্ষিত হয়েছে কি না।
সব অ্যাকাউন্ট থেকে বের হয়ে যান
ব্যাকআপ নেওয়ার পর ল্যাপটপে থাকা সব অনলাইন অ্যাকাউন্ট থেকে বের হয়ে যেতে হবে। বিভিন্ন ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড, স্বয়ংক্রিয়ভাবে পূরণ হওয়া তথ্য ও ব্রাউজিংয়ের ইতিহাস মুছে ফেলুন।
ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থেকেও বের হয়ে যেতে হবে। মাইক্রোসফট অফিস, অ্যাডোবি বা অন্য কোনো অর্থের বিনিময়ে কেনা সফটওয়্যারের লাইসেন্স ব্যবহার করলে পুরনো ল্যাপটপ থেকে সেটি নিষ্ক্রিয় করে নেওয়া ভালো। এতে নতুন যন্ত্রে একই লাইসেন্স ব্যবহারের সুযোগ থাকবে।
শুধু ফাইল মুছে ফেললেই হবে না
অনেকেই মনে করেন, ফাইল মুছে ফেলার পর রিসাইকেল বিন খালি করে দিলেই তথ্য পুরোপুরি মুছে যায়। কিন্তু বিষয়টি এমন নয়। বিশেষ ধরনের তথ্য পুনরুদ্ধার সফটওয়্যার ব্যবহার করে মুছে ফেলা ফাইলও অনেক ক্ষেত্রে উদ্ধার করা সম্ভব। এ ঝুঁকি কমাতে ল্যাপটপকে কারখানার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়া উচিত। উইন্ডোজের সেটিংসে গিয়ে ‘রিসেট দিস পিসি’ নির্বাচন করে ‘রিমুভ এভরিথিং’ অপশন ব্যবহার করতে হবে। নিরাপদভাবে তথ্য মুছে ফেলার জন্য ‘ক্লিন ডেটা’ সুবিধা চালু করা উচিত।
এ প্রক্রিয়ায় কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য এটি গুরুত্বপূর্ণ। হার্ডডিস্ক বা সলিড স্টেট ড্রাইভে থাকা পুরনো তথ্য যাতে সহজে উদ্ধার করা না যায়, সে জন্য নিরাপদভাবে তথ্য মুছে ফেলার পদ্ধতি ব্যবহার করা হয়।
ম্যাক ব্যবহারকারীরা ‘ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংস’ সুবিধা ব্যবহার করে ল্যাপটপের তথ্য ও সেটিংস মুছে ফেলতে পারেন।
ল্যাপটপের সঙ্গে কোনো যন্ত্র রেখে যাচ্ছেন কি না দেখুন
ল্যাপটপের তথ্য মুছে ফেলার পাশাপাশি বাহ্যিক সংযোগস্থলগুলোও ভালোভাবে পরীক্ষা করতে হবে। অনেক সময় তারবিহীন মাউসের ছোট ইউএসবি গ্রাহক, মেমোরি কার্ড বা পেনড্রাইভ ল্যাপটপে লাগানো অবস্থায় থেকে যায়। পুরনো ল্যাপটপে সিডি ড্রাইভ বা সিম কার্ডের জায়গা থাকলে সেগুলোও পরীক্ষা করুন। তাড়াহুড়োর কারণে এসব ছোট জিনিস ল্যাপটপের সঙ্গে থেকে যেতে পারে।
ভালোভাবে পরিষ্কার করুন
ল্যাপটপের ভালো দাম পেতে সেটির বাহ্যিক অবস্থাও গুরুত্বপূর্ণ। সূক্ষ্ম তন্তুর কাপড় দিয়ে পর্দা, কিবোর্ড ও বাইরের অংশের ধুলা পরিষ্কার করুন। তবে সরাসরি পানি বা শক্তিশালী রাসায়নিক ব্যবহার করা যাবে না। ল্যাপটপের সঙ্গে থাকা আসল চার্জার, বাক্স ও কেনার রসিদও সংরক্ষণ করুন। যন্ত্রের ভালো অবস্থা এবং ক্রয়সংক্রান্ত কাগজপত্র থাকলে ক্রেতার আস্থা বাড়ে। এতে ভালো দাম পাওয়ার সম্ভাবনাও বাড়তে পারে।
বিক্রির প্রমাণ রাখুন
অপরিচিত ব্যক্তি বা স্থানীয় দোকানদারের কাছে ল্যাপটপ বিক্রি করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। ল্যাপটপ হস্তান্তরের আগে সেটি ঠিকমতো কাজ করছে—এমন একটি ছোট ভিডিও ধারণ করে রাখতে পারেন। পাশাপাশি ক্রেতার কাছ থেকে সাধারণ কাগজে বিক্রির রসিদ লিখিয়ে তাতে স্বাক্ষর নেওয়া ভালো। সেখানে ল্যাপটপের ক্রমিক নম্বর, বিক্রির তারিখ এবং ক্রেতার পরিচয়সংক্রান্ত তথ্য উল্লেখ করা যেতে পারে।
ভবিষ্যতে ওই ল্যাপটপ কোনো অপব্যবহারের কাজে ব্যবহৃত হলে বিক্রির এ নথি আপনার পক্ষে সহায়ক হতে পারে। তাই শুধু ভালো দাম পাওয়ার বিষয়টি নয়, ব্যক্তিগত তথ্য ও আইনগত নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রেখে পুরনো ল্যাপটপ বিক্রি করা উচিত।