প্রকাশিত: ২:৪৭ অপরাহন, নভম্বর ২৭, ২০২৬
সারাদিন ডেস্ক
দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না। চাঁদাবাজি করবেন আর বদনাম ছড়াবে বিএনপির। তাদের (চাঁদাবাজ) রাজনীতি করার অধিকার নেই। সমাজে টিকে থাকার অধিকারও নাই তাদের। এরা বিএনপির জন্য জঞ্জাল।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে এরা টিকে ছিল। আগামী বছরগুলোতে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে তারা। এরা দলের জন্য আবর্জনা ও বোঝা। আওয়ামী লীগের অপচেষ্টা মোকাবিলা করার জন্য চাঁদাবাজরা সামনে থাকবেন না। কারণ হিসেবে মন্ত্রী উল্লেখ করেন, এই চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। এরপর যদি কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে, চোখ-কান বুজে তাদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি। এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।