প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্, নভম্বর ২৮, ২০২৬
সারাদিন ডেস্ক
উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। ভোরের কুয়াশা ও রাতভর হিমেল বাতাসে ক্রমেই শীতের আমেজ বাড়ছে জনজীবনে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার আবরণ দেখা যায়।
এদিকে শুক্রবার (২৭ নভেম্বর) তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় প্রখর রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। দিন ও রাতের তাপমাত্রার বড় ব্যবধানের কারণে রাত ও ভোরে শীত বেশি অনুভূত হচ্ছে।
জেলার সদর, আটোয়ারী ও বোদা উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, ভোরের কুয়াশা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। অনেকে শীত থেকে বাঁচতে গায়ে জড়াচ্ছেন হালকা গরম কাপড়।
বোদা উপজেলার স্থানীয় ব্যবসায়ী রনি বলেন, দিনের বেলায় রোদের কারণে বেশ গরম অনুভূত হয়। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়তে থাকে। বিশেষ করে ফজরের সময় বাইরে বের হলে বেশ শীত লাগে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।