প্রকাশিত: ৬:৫৩ অপরাহন, নভম্বর ২৮, ২০২৬
সারাদিন ডেস্ক
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের লাহোরে কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল এবং করাচিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি এসব সমাধিতে শ্রদ্ধা জানান। শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশন ও পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
লাহোরে আল্লামা ইকবালের সমাধিতে ফুলের তোড়া ও চাদর অর্পণ করেন স্পিকার। সেখানে ফাতেহা পাঠের পাশাপাশি দর্শনার্থী বইয়ে মন্তব্যও লেখেন তিনি।
পরে করাচিতে জিন্নাহর সমাধিতে গিয়ে ফাতেহা পাঠ ও ফুলের তোড়া অর্পণ করেন সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। সেখানেও তারা দর্শনার্থী বইয়ে নিজেদের মন্তব্য লিপিবদ্ধ করেন।
এর আগে শুক্রবার করাচি বিমানবন্দরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহর পক্ষে প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি। এ সময় প্রাদেশিক পরিষদের সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ উপস্থিত ছিলেন।
ছয় দিনের সরকারি সফরে সংসদীয় প্রতিনিধিদল
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে অংশ নিয়েছেন তারা।
ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষে শুক্রবার করাচিতে পৌঁছায় প্রতিনিধিদলটি।
সফরকালে প্রতিনিধিদলটি সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন করবে। পাশাপাশি প্রাদেশিক নেতৃত্ব ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে সংসদীয়, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরের লক্ষ্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া।