দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্, অক্টোবর ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ৯৯ হাজার ৩৭৭ টাকা (প্রতি ভরি)। গতকাল পর্যন্ত যা ছিল ৯৭ হাজার ৪৪ টাকা। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (১১ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী—সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৩৭৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৮২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৬৬ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Nagad