দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, দেখবেন যেভাবে
অনেক করদাতার মনে প্রশ্ন, নির্ধারিত সময়ের পর আয়কর রিটার্ন জমা দিলে কত টাকা জরিমানা দিতে হবে? বা আগের বছরের রিটার্ন জমা না দিলে কী পরিমাণ অর্থ পরিশোধ করতে হতে পারে? আর জমা দেওয়া রিটার্ন ও প্রাপ্তিস্বীকারপত্রই বা কোথায় পাওয়া যাবে?জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে লগইন করে এসব তথ্য দেখা যায়। নির্ধারিত কয়েকটি ধাপ অনুসরণ করে সম্ভাব্য প্রদেয় অর্থ, আগের বছরের রিটার্ন এবং প্রাপ্তিস্বীকারপত্র সংগ্রহ করা সম্ভব। চলুন, জেনে নেওয়া যাক ধাপে ধাপে।
ই-রিটার্নে নিবন্ধন করবেন যেভাবে
যাদের আগে ই-রিটার্ন অ্যাকাউন্ট খোলা হয়নি, তাদের প্রথমে নিবন্ধন করতে হবে।
প্রথমে এনবিআরের ই-রিটার্ন ওয়েবসাইটে (etaxnbr.gov.bd/) প্রবেশ করুন।
eReturn অপশনে গিয়ে ‘I am not yet registered’ নির্বাচন করুন।
নিজের টিআইএন (TIN) নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের (NID) নম্বর দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর দিন।
মোবাইলে পাওয়া ওটিপি (OTP) দিয়ে যাচাই সম্পন্ন করুন।
নির্দেশনা অনুসরণ করে পাসওয়ার্ড সেট করুন। এরপর নিবন্ধন সম্পন্ন হলে অ্যাকাউন্টে লগইন করুন।
দেরিতে রিটার্ন জমা দিলে কত টাকা দিতে হবে, দেখবেন যেভাবে
দেরিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য অতিরিক্ত কর বা জরিমানার পরিমাণ করদাতার পরিস্থিতি ও আইনের সংশ্লিষ্ট বিধানের ওপর নির্ভর করে। তাই সবার জন্য একই অঙ্ক ধরে নেওয়া ঠিক নয়। নিজের অ্যাকাউন্টে প্রদর্শিত অর্থ দেখে সম্ভাব্য প্রদেয় পরিমাণ সম্পর্কে ধারণা নিতে পারেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ই-রিটার্ন অ্যাকাউন্টে লগইন করুন।
পেজের ওপরের Assessment Year অপশন থেকে সংশ্লিষ্ট করবর্ষ নির্বাচন করুন।
মেনু থেকে Submission → Regular e-Return অপশনে প্রবেশ করুন।
Return Scheme অংশে ‘Delayed u/s 174’ লেখা আছে কি না দেখুন। এটি দেখা গেলে বুঝতে হবে, সিস্টেমে রিটার্নটি বিলম্বে জমা দেওয়ার প্রক্রিয়া হিসেবে দেখানো হচ্ছে।
পরবর্তী ধাপগুলোতে প্রয়োজনীয় তথ্য পূরণ করে Save & Continue চাপুন।
এরপর Tax & Payment অংশে যান।
সেখানে Total Amount Payable (u/s 174) ঘরে যে অর্থের পরিমাণ দেখানো হবে, সেটি দেখে নিন।
আগের বছরের রিটার্ন দেখবেন যেভাবে
আগের করবর্ষে জমা দেওয়া আয়কর রিটার্নের তথ্য দেখতে ই-রিটার্ন অ্যাকাউন্টে লগইন করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
Tax Record → Return: জমা দেওয়া রিটার্ন দেখতে এই অপশনে যান।
Tax Record → History: আগের বছরের রিটার্ন খুঁজতে এই অপশন নির্বাচন করুন।
এরপর Record Type ও Year নির্বাচন করে View-এ ক্লিক করুন।
এভাবে সংশ্লিষ্ট বছরের সংরক্ষিত রিটার্নের রেকর্ড দেখা যাবে।
প্রাপ্তিস্বীকারপত্র ডাউনলোড করবেন যেভাবে
আয়কর রিটার্ন জমা দেওয়ার পর প্রাপ্তিস্বীকারপত্র বা অ্যাকনলেজমেন্ট সংগ্রহ করতে চাইলে—
ই-রিটার্ন অ্যাকাউন্টে লগইন করুন।
Tax Record → Acknowledgement অপশনে যান।
সংশ্লিষ্ট প্রাপ্তিস্বীকারপত্র নির্বাচন করে Download-এ ক্লিক করুন।
ডাউনলোড করা প্রাপ্তিস্বীকারপত্র ভবিষ্যতে রিটার্ন জমার প্রমাণ হিসেবে প্রয়োজন হতে পারে। তাই এটি সংরক্ষণ করে রাখা ভালো।
গুরুত্বপূর্ণ সতর্কতা
শুধু জরিমানা বা প্রদেয় অর্থের পরিমাণ দেখতে চাইলে পুরো প্রক্রিয়ায় সতর্ক থাকুন। শেষ ধাপে ‘Submit Return’ বাটনে ক্লিক করবেন না। রিটার্ন জমা দেওয়ার পর তা আর সাধারণভাবে প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় না।
আরও একটি বিষয় মনে রাখা জরুরি, ‘Total Amount Payable (u/s 174)’ ঘরে প্রদর্শিত অর্থই সব ক্ষেত্রে চূড়ান্ত জরিমানা নয়। আপনার আয়, কর পরিশোধের অবস্থা, বিলম্বের সময় এবং প্রযোজ্য আইন অনুযায়ী হিসাব ভিন্ন হতে পারে। তাই কোনো অর্থ পরিশোধ বা রিটার্ন জমা দেওয়ার আগে প্রদর্শিত হিসাব ভালোভাবে যাচাই করুন।

