চাঁদাবাজি বন্ধে তালিকা তৈরি, দুদিনের মধ্যে অভিযান শুরু: ডিএমপি কমিশনার
চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানিয়েছেন, ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে, এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। চাঁদাবাজি বন্ধে কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজদের তালিকা ধরে গ্রেপ্তার অভিযান শুরু হবে।”
ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকায় ছিনতাই বিশেষ করে মোবাইল ছিনতাই বেড়েছে। সবাইকে বাইরে চলাফেরার সময় সতর্ক থাকতে হবে।”
ফুটপাতের হকারদের বিষয়ে তিনি মন্তব্য করেন, “হকারদের একবারে উচ্ছেদ করা অমানবিক। তবে তারা যেন শৃঙ্খলার মধ্যে থাকে, এ বিষয়ে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে। কারও কাছ থেকে চাঁদা নেওয়ার কোনো সুযোগ নেই।”
মোটরসাইকেলের ঝুঁকির প্রসঙ্গ তুলে ডিএমপি কমিশনার বলেন, “এক মোটরসাইকেলে দুই বা তিনজন চলাচল অত্যন্ত বিপজ্জনক। এছাড়া ফুটপাতে মোটরসাইকেল চলাচলের বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, “ঢাকার যানজট নিরসনে সবাইকে ট্রাফিক শৃঙ্খলা মেনে চলতে হবে। যানজটে দাঁড়িয়ে বারবার হর্ন বাজালে কোনো সমাধান হয় না। যারা নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানাই।”

