হত্যার বিচার না করতে পারলে বেঁচে থাকার অধিকার নেই: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫০ অপরাহন, জানুয়রী ১৫, ২০২৫

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার না করতে পারলে বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে ‘দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, “জুলাই-আগস্টের হত্যার বিচার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী মার্চ মাস থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার শুনানি শুরু হবে। যত দ্রুত সম্ভব সুবিচার নিশ্চিত করার লক্ষ্যেই আমরা কাজ করছি। বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনার আওয়ামী লীগের তুলনায় এ সরকারের বিচার প্রক্রিয়া যে আলাদা, তা আমরা প্রমাণ করতে চাই।”

আলোচনা সভায় উপস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “পূর্বের মতো এবার ট্রাইব্যুনালকে কলঙ্কিত করা হবে না। আমরা তা নিশ্চিত করতে কাজ করছি। জুলাই-আগস্ট আন্দোলনে পেছন থেকে কারা নির্দেশ দিয়েছে, তা খুঁজে বের করার প্রচেষ্টা চলছে।”

আসিফ নজরুল বলেন, “বিভিন্ন খাতে সংস্কার করে ভবিষ্যতে এমন শাসক তৈরি হওয়ার পথ বন্ধ করতে হবে, যারা জনগণের বিরুদ্ধে নির্মম হয়ে উঠতে পারে।”

এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটি শক্তিশালী বার্তা দিতে চায় অন্তর্বর্তী সরকার। বিস্তারিত তথ্য জানাতে এবং বিচারের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমে নিয়মিত আপডেট দেওয়া হবে।

Nagad