সঞ্চয়পত্রে মুনাফার হার কমাল সরকার, কার্যকর ১ জুলাই থেকে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

আগামী ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন হার ১ জুলাই (মঙ্গলবার) থেকে কার্যকর হচ্ছে।

সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পরিবার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব—এই পাঁচ স্কিমে মুনাফার হার কমানো হয়েছে।

সর্বোচ্চ হার কমিয়ে ১১.৯8 শতাংশ এবং সর্বনিম্ন হার করা হয়েছে ৯.৭২ শতাংশ, যা পূর্বে ছিল যথাক্রমে ১২.৫৫ শতাংশ এবং ১০.১১ শতাংশ।

সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের যথারীতি দুই ধাপে ভাগ করা হয়েছে, প্রথম ধাপ: ৭.৫ লাখ টাকার নিচে বিনিয়োগ, দ্বিতীয় ধাপ: ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগ।

নতুন হারে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে।উদাহরণস্বরূপ, আগে যেখানে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে (প্রথম ধাপ) পঞ্চম বছরে মুনাফা ছিল ১২.৪০%, তা এখন কমে ১১.৮৩% হয়েছে।

Nagad

তবে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, সরকারের অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা এবং সুদের ব্যয় কমানোর লক্ষ্যে এই হার হ্রাস করা হয়েছে।