দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে: বিজিবি ডিজি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ‘দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেবে না।’

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ কেন্দ্র ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ’-এর (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজিবি ডিজি বলেন, ‘নবীন সৈনিকদের সততা, শৃঙ্খলা ও দক্ষতার ওপরই নির্ভর করবে এ বাহিনীর ভবিষ্যৎ। তাদের দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তা দেশের মানুষের শান্তির ঘুম নিশ্চিত করবে।’

চলতি বছরের ২৬ জানুয়ারি শুরু হওয়া মৌলিক প্রশিক্ষণ শেষে ৬৫৮ জন পুরুষ এবং ৩৬ জন নারী—মোট ৬৯৪ জন নবীন সৈনিক বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। দীর্ঘ ২৪ সপ্তাহের কষ্টসাধ্য প্রশিক্ষণ শেষে তারা সৈনিক জীবনে প্রবেশ করেন।

অনুষ্ঠানে নবীন সৈনিকদের দৃষ্টিনন্দন কুচকাওয়াজের প্রশংসা করে বিজিবি ডিজি বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি যেমন সীমান্ত সুরক্ষা, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে সুনামের সঙ্গে কাজ করে চলেছে, তেমনি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও তাদের নির্ভরযোগ্যতা প্রমাণিত।’

তিনি আরও বলেন, ‘শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। সততা, বুদ্ধিমত্তা, আনুগত্য ও তেজ—এই গুণাবলিই একজন সৈনিককে প্রকৃত সৈনিক করে তোলে।’

Nagad

নবীন নারী সৈনিকদের উদ্দেশে বিজিবি ডিজি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদান অবিস্মরণীয়। আজ নারীরা দক্ষতা ও যোগ্যতায় পুরুষের সমান। নবীন নারী সৈনিকরাও বিজিবির সুনাম বৃদ্ধিতে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।’

অনুষ্ঠানে সেরা চৌকস রিক্রুট হিসেবে বক্ষ নম্বর ৫৭৪ সাইফ মিয়াকে বিজিবি ডিজি ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও অন্যান্য বিষয়ে কৃতিত্ব অর্জনকারী নবীন সৈনিকদেরকেও সম্মাননা প্রদান করা হয়। কুচকাওয়াজ শেষে বিজিবির সুসজ্জিত বাদকদলের মনোজ্ঞ ব্যান্ড ডিসপ্লে ও আকর্ষণীয় ট্রিক ড্রিল প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।